আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। গোটা বিশ্বের নজর এখন নিউইয়র্কে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। তারকাখচিত ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও ম্যাচের আগে আবহাওয়া বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ঝড়বৃষ্টি মেগা ফাইনালের আগে আশঙ্কা সৃষ্টি করে। তবে সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস স্বস্তির বার্তা দিচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক এবং নিউজার্সির ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের প্রভাবে দাবানলের ঘন ধোঁয়া সরে যেতে পারে। অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ টাইলার রয়স জানিয়েছেন, কিছুটা হালকা ধোঁয়া আকাশে থাকতে পারে। তবে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছবে না।
ম্যাচের দিন ইস্ট রাদারফোর্ডে বায়ুর গুণগত মান 'সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর' অবস্থা থেকে উন্নতি হয়ে 'মাঝারি' পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে সাধারণ দর্শক বা ফুটবলারদের জন্য বড় কোনও ঝুঁকি থাকছে না। এদিকে ফাইনালের আগে স্পেনের অনুশীলন বজ্রপাত এবং প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হয়। মেটলাইফ স্টেডিয়ামেও ভারী বৃষ্টিপাত হয়। যদিও পরিস্থিতির উপর নজর রেখে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ফিফা। ম্যাচের সময় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে হালকা বাতাস, তুলনামূলক অল্প আর্দ্রতা, যা ফুটবলারদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামবে এই মহারণের মধ্য দিয়ে। টুর্নামেন্টের সেরা দুই দল আর্জেন্টিনা এবং স্পেন শুধু খেতাবের লড়াইয়ে নয়, ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। স্বাভাবিকভাবেই ম্যাচের কেন্দ্রবিন্দুতে থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। চার বছর পর, ৩৯ বছর বয়সেও একইভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ ফাইনাল। তাই আরও একবার বিশ্বজয়ের মধ্য দিয়েই বর্ণাঢ্য ফুটবল জীবনে ইতি টানতে চাইবেন। একইসঙ্গে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দু'বার বিশ্বকাপ জয়ের নজির গড়ার হাতছানিও রয়েছে আর্জেন্টিনার সামনে। তবে মেসির সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্পেনের ১৯ বছরের লামিনে ইয়ামাল। দুই প্রজন্মের দুই মহাতারকার স্মরণীয় দ্বৈরথের সাক্ষী হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল।
















