আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের বলি আরও এক কোচ। প্যারাগুয়ের কাছে হেরে রাউন্ড অফ ৩২ থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করলেন জার্মানির কোচ জুলিয়েন নাগেলসম্যান। ২০২৮ ইউরো কাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল জার্মানির। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায়, তাঁকে ইস্তফা দিতে অনুরোধ জানায় জার্মান ফুটবল ফেডারেশন। হারের দায় নিয়ে সরে গেলেন নাগেলসম্যান। নতুন কোচের দৌড়ে রাস্তা খুলে গেল জুর্গেন ক্লপের। কোচ হিসেবে তাঁকে চাইছে জার্মানির ফেডারেশন। ২০২৪ সালে লিভারপুল ছাড়েন ক্লপ। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জেতে ইংল্যান্ডের ক্লাব। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল হেড অফ ফুটবল। কিন্তু তাঁর চুক্তিতে রিলিজ ক্লজ রয়েছে। যা তাঁকে জার্মানির কোচের দায়িত্ব নিতে সাহায্য করবে। 

জার্মানির ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে ছাঁটাই হলেন ৩৮ বছরের নাগেলসম্যান। এর আগে ২০২৩ সালে হ্যান্সি ফ্লিককে সরিয়ে দিয়েছিল জার্মানি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হন। এমনকি বিশ্বকাপ চলাকালীনই ফুটবলারদের সঙ্গে মতপার্থক্য হয় জার্মানির কোচের। হয়ত তারও প্রভাব পড়ে পারফরম্যান্সে। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। বস্টনে নকআউট পর্বের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হারে। এক্সট্রা টাইমে ম্যাচ ১-১ গোলে শেষ হয়। প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা।