আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভারতীয় সময় ভোররাতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নামবে ফ্রান্স এবং ইংল্যান্ড। তার আগে অদ্ভুত দাবি করলেন কিলিয়ান এমবাপেদের কোচ দিদিয়ের দেশঁর। কোনও রাখঢাক না করেই ফ্রান্সের কোচ জানান, মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থানের ম্যাচে তাঁর দল নামতে চায় না। কিন্তু একইসঙ্গে জানান, ব্রোঞ্জ জেতা তাঁদের কর্তব্য। স্পেনের কাছে ০-২ গোল হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ফ্রান্স। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দেশঁ সরাসরি জানান, ফ্রান্স এবং ইংল্যান্ড, কোনও দলই এই ম্যাচ খেলতে চায় না। পাশাপাশি এও জানান, এটা প্রীতি ম্যাচ নয়। তাই জিতে তৃতীয় স্থানে শেষ করা লক্ষ্য। 

দেশঁ বলেন, 'এই ম্যাচে আমার একটা কর্তব্য আছে। এটা প্রীতি ম্যাচ নয়। এটা তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। প্লেয়ার, স্টাফ এবং আমার কর্তব্য শেষপর্যন্ত পৌঁছনো। এই ম্যাচ ফাইনালের থেকে কম গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড এই ম্যাচ খেলতে চায় না, আমরাও না। কিন্তু কিছু করার নেই।' দেশঁর বিদায়ী ম্যাচ। ১৪ বছর ফ্রান্সের কোচ থাকার পর সরে যাচ্ছেন। তাই জয় দিয়েই শেষ করতে চান এই দীর্ঘ যাত্রা। জানান, দেশের জার্সি গায়ে চাপালেই চোখের সামনে লক্ষ্য স্পষ্ট হয়ে যায়। দেশঁ বলেন, 'আমাদের তৃতীয় স্থানে শেষ করার চেষ্টা করতে হবে। এটা বাস্তবে পরিণত করতে হবে। দেশের জার্সি পরলেই কর্তব্য এসে যায়। মাথায় আছে এটাই আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষ এগিয়ে এসেছে, কিন্তু জীবন চলমান।' ইব্রাহিম কন্তেও কোচের সঙ্গে একমত। সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে চায়নি তাঁরা। কিন্তু ব্রোঞ্জ জিতে দেশঁকে বিদায় জানাতে চান। বিদায়ী কোচের জন্য নিজেদের উজাড় করে দেবেন কন্তেরা।