আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনা-স্পেন ফুটবলারদের ঝামেলায় এবার হস্তক্ষেপ ফিফার। করা হবে তদন্ত। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে খেতাব হারানোর পাশাপাশি বিতর্কেও জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল না হলেও অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ফের বিশ্বসেরার মুকুট জিতে নেয়। ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং খেলার গতি নিয়ন্ত্রণে রাখে স্পেন। একাধিক সুযোগ নষ্ট করার পর শেষপর্যন্ত জয়সূচক গোলটি করেন তোরেস। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই গোলটা স্পেনের ৪ কোটি ৭০ লক্ষ মানুষের হয়ে করা।'

ম্যাচের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে শেষ বাঁশি বাজার পরের ঘটনা। খেলা শেষ হতেই দুই দলের ফুটবলারদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা হাতাহাতি এবং ধস্তাধস্তিতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে এক স্প্যানিশ ফুটবলারের পেটে ঘুষি মারতে দেখা যায় বলেও অভিযোগ।

এখানেই শেষ নয়। পারেদেস স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকে ফেলে দিয়ে মুখে ধাক্কা দেন। তাঁর দিকে বুট ছুড়ে মারার চেষ্টাও করেন বলে অভিযোগ। একই সময়ে মোলিনা স্পেন অধিনায়ক রডরির দিকেও ঘুষি চালানোর চেষ্টা করেন, যার জেরে মাথা ঠান্ডা রাখতে পারেননি স্প্যানিশ অধিনায়ক। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে তদন্ত শুরু করতে চলেছে ফিফা।

একটি আন্তর্জাতিক প্রচারমাধ্যমের অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শিয়ারার বলেন, 'পারেদেস দুই তিনটি ঘুষি মারার চেষ্টা করেছে। এ ধরনের আচরণের কোনও স্থান ফুটবলে নেই। হার কষ্টের হতে পারে, কিন্তু হার মেনে নেওয়ারও একটা ভদ্র উপায় আছে। দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনার ক্ষেত্রে এমন দৃশ্য আমরা আগেও দেখেছি। শেষ বাঁশির পর তাঁদের প্রতিক্রিয়া অত্যন্ত হতাশাজনক।'

এছাড়াও আর্জেন্টিনার বিরুদ্ধে আরও একটি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। একটি রিপোর্টে বলা হয়েছে, স্পেন যখন বিশ্বকাপ ট্রফি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে উপস্থিত ছিলেন, তখন আর্জেন্টিনার ফুটবলাররা নাকি স্পেনের ট্রফি নেওয়ার মুহূর্তে মঞ্চের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্টুয়ার্ট পিয়ার্স বলেন, 'স্পেন যখন ট্রফি নিতে যাচ্ছিল, তখন আর্জেন্টিনার প্রত্যেক ফুটবলার ট্রফির দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল।' ফিফা এই ঘটনাগুলির তদন্তে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।