আজকাল ওয়েবডেস্ক: আরলিং হালান্ডের নাটকীয় গোলে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন ম্যান সিটির স্ট্রাইকার। গোটা ম্যাচে দাগ না কাটতে পারলেও, আসল মুহূর্তের জন্য সেরাটা বাঁচিয়ে রেখেছিলেন। এদিনের গোলে গার্ড মুলার এবং ইউসেবিওর এলিট তালিকায় প্রবেশ করলেন। ছুঁয়ে ফেললেন দুই কিংবদন্তিকে। নিজের প্রথম তিনটে বিশ্বকাপের ম্যাচেই গোল করার নজির গড়লেন হালান্ড। ম্যাচের ৩৯ মিনিটে অ্যান্টোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের শেষে স্কোর ছিল ১-০। ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরায় আইভরি কোস্ট। গোল করেন পরিবর্ত ফুটবলার আমাদ ডায়ালো। শেষপর্যন্ত নরওয়েকে শেষ ষোলোয় পৌঁছে দেন হালান্ড। প্রি কোয়ার্টারে টুর্নামেন্টের কালো ঘোড়াদের সামনে ব্রাজিল।
এদিন নরওয়েকে সমান টক্কর দেয় আইভরি কোস্ট। বরং, বলা যায় বেশ কয়েকবার তাঁদের টেক্কা দেয়। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আইভরি কোস্টের। কিন্তু ফিনিশিংয়ের অভাব। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু আমাদের সমতা ফেরানো গোলের পর আবার একটি অঘটনের আশঙ্কা করা হয়েছিল। জেগে উঠেছিল আইভরিয়ানদের স্বপ্ন। কিন্তু শেষমেশ সেটা হয়নি। প্যারাগুয়ে, মরক্কো হতে পারেনি আইভরি কোস্ট। তবে এবারের বিশ্বকাপে এখানেই যাত্রা শেষ হলেও, এই দলকে সবাই মনে রাখবে। প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছয় আইভরি কোস্ট।














