আজকাল ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন আলিং হালান্ড। পাঁচ ম্যাচে সাত গোল করে ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার তিনি। এবার তাঁর এই সাফল্যকে সম্মান জানিয়ে বিশেষ চমক নিয়ে এসেছে গুগল। আজ, অর্থাৎ বৃহস্পতিবার গুগলে 'Erling Haaland' লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেশন। সাধারণ সার্চ ফলাফলের পাশাপাশি স্ক্রিনের নীচে নরওয়ের ঐতিহ্যবাহী পোশাক পরা সাতটি চরিত্র নৌকা বেয়ে এগিয়ে যাচ্ছে। স্ক্রিনে কার্সর নাড়ালেই শোনা যাচ্ছে ঢাকের তালের মতো বিশেষ শব্দ, যা এই অ্যানিমেশনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
গুগলের এই বিশেষ সম্মানের কথা নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছেন হালান্ড। একটি পোস্টে চোখ টেপা ইমোজি দিয়ে তিনি লিখেছেন, 'আজ একটা কাজ করো..গুগলে আমার নাম সার্চ করো।' এর মধ্যেই আরও একবার আলোচনায় উঠে এসেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। সম্প্রতি নরওয়ের জনপ্রিয় ডিজে এবং সঙ্গীত প্রযোজক কইগোর সঙ্গে নিজের পুরোনো ভাইরাল র্যাপ গান 'কাইগো জো'-এর একটি রিমিক্স সংস্করণ প্রকাশ করেছেন তিনি।
ফুটবল দুনিয়ায় গোলের পর গোল করে বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার আগেই সঙ্গীত জগতেও হাতেখড়ি হয়েছিল হালান্ডের। এরিক বোথিয়াম এবং এরিক টো বিয়াস স্যান্ডবার্গের সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন 'ফ্লো কিংজ' নামে একটি র্যাপ ব্যান্ড। ২০১৬ সালে নরওয়ের ক্লাব ব্রেইনের হয়ে খেলার সময় এই তিনজন মিলে প্রকাশ করেছিলেন 'কাইগো জো' গানটি। দীর্ঘ ২৮ বছর পর নরওয়ের বিশ্বকাপে ফেরা এবং হালান্ডের দুরন্ত গোল বন্যার সুবাদে সেই পুরোনো গানটি আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে ইউটিউবে গানটির ভিউ ৮.৯ মিলিয়ন ছাড়িয়েছে। যা নতুন করে আলোচনায় এনেছে নরওয়ের সুপারস্টারকে।















