আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকঘণ্টা পরই শেষ ষোলোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে মিশর। তার আগে সমস্যায় মহম্মদ সালাহের দেশ। ডালাসে টিম হোটেলের বাইরে মার্কিন পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মিশর দলের এক প্রতিনিধি। হোটেলের বাইরে জমায়েত হওয়া ফ্যানদের সঙ্গে ছবি তুলছিলেন, অটোগ্রাফ দিচ্ছিলেন সালাহরা। সেই সময় ঘটনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। অগত্যা নিরাপত্তারক্ষী এবং দলের অফিসিয়ালদের হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় কারোর চোট-আঘাত লাগেনি। কেউ গ্রেপ্তারও হয়নি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচ খেলতে মিশর দল ডালাসে পৌঁছনো মাত্র সালাহদের নিয়ে উন্মাদনায় মাতেন ভক্তরা। সমর্থকদের একটি বড় দল হোটেলের বাইরে অপেক্ষা করছিল। তারমধ্যে বাচ্চারাও ছিল। পছন্দের প্লেয়ারদের সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে হোটেলের বাইরে হাজির হয়। ফ্যানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ত্রেজেগুয়ে। শার্টে সই করার পাশাপাশি, একজন তরুণ সমর্থকের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে। কিছুক্ষণের মধ্যে মিশরের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান সেই জায়গায় আসেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মার্কিন পুলিশ অফিসার। 

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, মিশরের প্রাক্তন প্লেয়ারকে ধাক্কা দেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। সবাইকে জায়গা খালি করে দিতে বলেন। এরপরই হাসানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। ঘটনা দেখে মিশরের একাধিক প্লেয়ার এবং দলের সাপোর্ট স্টাফ ছুটে যায়। দুই পক্ষই পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। ক্রমাগত তাঁর থেকে দূরত্ব বজায় রাখার এবং জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট পুলিশ অফিসার। মিনিটখানেক এই পরিস্থিতি চলে। বাকি নিরাপত্তারক্ষী এবং মিশর দলের প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুই পক্ষের মধ্যে ঝামেলা থামিয়ে জায়গা ক্লিয়ার করে দেওয়া হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্থানীয়রাও কিছু বলেনি। 

ইব্রাহিম হাসান মিশরের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। ৫৯ বছরের প্রাক্তন ফুটবলার ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তাঁর যমজ ভাই হোসাম হাসান ২০০৬ বিশ্বকাপে মিশরের হেড কোচ ছিল। তাঁকেও দেশের সেরা ফুটবলারদের মধ্যে ধরা হয়। তবে মাঠের বাইরের ঝামেলা ঝেড়ে ফেলে সামনের দিকে ফোকাস করতে চান মহম্মদ সালাহরা। পাখির চোখ বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর ম্যাচ। গ্রুপ জি-তে দ্বিতীয় স্থান অর্জন করে এই জায়গায় পৌঁছেছে মিশর। বেলজিয়ামের বিরুদ্ধে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয় সালাহদের। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতে। ইরানের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ ড্র করে নকআউট পর্বের ছাড়পত্র সংগ্রহ করে। এর আগে মিশর বিশ্বকাপের কোনও ম্যাচ জেতেনি। দলের সাফল্যের মূলে সালাহ। গ্রুপ পর্বে একটি গোলের পাশাপাশি দুটো অ্যাসিস্ট রয়েছে তাঁর। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর ছাড়পত্র সংগ্রহ করতে মিশরের ভরসা সেই সালাহই।