আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর চারদিন কেটে গিয়েছে। কিন্তু বিতর্কের শেষ নেই। এখনও একাধিক প্রশ্ন রয়েছে। যার সদত্তর পাওয়া যায়নি। তারমধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল, ফাইনাল কি আদৌ স্বচ্ছভাবে হয়েছিল? সেদিন স্পেনের বিরুদ্ধে মাঠে লিওনেল মেসিদের গাছাড়া মনোভাব দেখে এই প্রশ্ন উঠতে বাধ্য। এমন চর্চার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে এই অডিও পোস্ট করেন স্যাম দারভিশি বলে এক ব্যক্তি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দাবি করা হয়, অডিও রেকর্ডিংয়ে আর্জেন্তিনার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার গলা রয়েছে। সেখানে তাপিয়াকে বলতে শোনা যায়, কেন ম্যাচ ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই আর্জেন্টিনার সামনে। যদিও অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়নি। 

অডিও রেকর্ডিংয়ে কী বলা হয়েছে? ভাইরাল হওয়া অডিও ক্লিপে আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, আর্জেন্তিনা ম্যাচ না হারলে ১০ বছরের নির্বাসন হতে পারে। সেক্ষেত্রে ২০৩০ এবং ২০৩৪ বিশ্বকাপে খেলতে পারবে না। কিন্তু কেন? বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' বলে মাঠেই একটি ব্যানার তুলে ধরেছিলেন লিসান্দ্রো মার্টিনেজরা। সেটা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ইংল্যান্ড। তার ভিত্তিতে কড়া শাস্তি পেতে পারে আর্জেন্টিনা। দশ বছরের জন্য নির্বাসিতও করা হতে পারে। সেক্ষেত্রে পরের দুটো বিশ্বকাপে খেলতে পারবে না আর্জেন্টিনা। সেই কারণেই কি ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন মেসিরা? ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিয়ে ভীষণই কড়া আইন রয়েছে ফিফার। তবে ভাইরাল হয়ে যাওয়া এই অডিও ক্লিপ নিয়ে কোনও মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল সংস্থা।