আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। তারপরই অগ্নিপরীক্ষা। ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কঠিন সময়ের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাধিক হতাশাজনক পরিসংখ্যান এখন প্রশ্ন তুলছে তাঁর ফর্ম এবং দলের ওপর প্রভাব নিয়ে। গ্রুপ কে-র প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র করে শুরু করে পর্তুগাল। সেই ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্স ছিল যথেষ্ট ম্লান। তিনি ৯০ মিনিট খেলেও গোলের লক্ষ্যে কোনও শট নিতে পারেনি। গোটা ম্যাচে মাত্র ২৫ বার বল ছুঁয়েছেন। যা তাঁর বিশ্বকাপ কেরিয়ারে খুবই কম। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, বড় টুর্নামেন্টে তাঁর গোলের খরা। 

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে শেষ ১০টি ম্যাচে রোনাল্ডো একটি গোলও করতে পারেননি। মাত্র একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে। এমনকি পেনাল্টি বাদ দিলে এই গোলের খরা আরও দীর্ঘ। শেষ ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল নেই। এই পরিস্থিতিতে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ডু অর ডাই। কারণ প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর ফলে পর্তুগালের নকআউট পর্বে পৌঁছনো এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সমালোচনার মুখে পড়েছেন রোনাল্ডোও। ফুটবল বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তিনি কি এখনও দলের আক্রমণে কার্যকর ভূমিকা নিতে পারছেন?

দলের মধ্যেও এই নিয়ে চাপ তৈরি হয়েছে। তবে সতীর্থ রুবেন ডিয়াসকে পাশে পান পর্তুগিজ তারকা। রুবেন বলেন, 'বাইরের সমালোচনা শুধুই আওয়াজ। দল তাতে প্রভাবিত নয়।' অন্যদিকে এই ম্যাচে রোনাল্ডোর সামনে রেকর্ডের হাতছানি রয়েছে। গোল করতে পারলে প্রথম ফুটবলার হিসেবে ছ'টি আলাদা বিশ্বকাপে গোলের নজির গড়বেন। চলতি বিশ্বকাপে পাঁচ পাঁচটি গোল করে ফেলেছেন লিওনেল মেসি। এদিকে খাতায় খুলতে পারেননি রোনাল্ডো। এটাই পর্তুগিজ তারকার ওপর চাপ আরও বাড়াচ্ছে। সব মিলিয়ে, অভিজ্ঞতার ভার এবং অতীতের গৌরব একদিকে। বর্তমানের হতাশাজনক পরিসংখ্যান অন্যদিকে। এই দ্বন্দ্ব নিয়েই মাঠে নামবেন ৪১ বছরের রোনাল্ডো। এখন দেখার, তিনি সমালোচকদের মুখ বন্ধ করতে পারেন কিনা। নাকি পরিসংখ্যানই শেষপর্যন্ত তাঁর ভবিষ্যতের গল্প বলে দেবে।