আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই চাপে পর্তুগাল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডিআর কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ৪১ বছর বয়সী তারকা পুরো ম্যাচ খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এমনকি তাঁর কোনও শট লক্ষ্যে ছিল না। যা নিয়ে বিশেষজ্ঞ এবং প্রাক্তন ফুটবলারদের সমালোচনা তীব্র হয়েছে। ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি পর্যন্ত মন্তব্য করেন, রোনাল্ডো দলগত খেলার বদলে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশি মনোযোগ দিচ্ছেন। তাঁর কথায়, 'দলের গোল করা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত গোল নয়।'
বাইরে যত সমালোচনাই হোক না কেন, দলের ভিতরের পরিস্থিতি ভিন্ন। পর্তুগাল ডিফেন্ডার রুবেন ডিয়াস রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, 'এই সমালোচনা শুধু শব্দ বা নয়েজ। এর কোনও প্রভাব দলের উপর পড়ছে না।' ডিয়াস আরও বলেন, 'সমালোচনা শুধু একজনের দিকে নয়, পুরো দলের দিকেই আসে। রোনাল্ডো সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে, এটা নতুন কিছু নয়।' এদিকে নিজেও ঐক্যের বার্তা দিয়েছেন রোনাল্ডো। সামাজিক মাধ্যমে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'অলওয়েজ ইউনাইটেড'। অর্থাৎ দল হিসেবে একসঙ্গে থাকার বার্তা।
পর্তুগাল দলের অন্দরমহলে এই ঐক্যের বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরুটা ভাল না হলেও দলগত সংহতি আগামী ম্যাচে বড় ভূমিকা নিতে পারে। তবে পরিসংখ্যান বলছে, সাম্প্রতিককালে বড় টুর্নামেন্টে গোল পাননি রোনাল্ডো। যা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। পরের ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামবে পর্তুগাল। সেই ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্সে বিশেষ নজর থাকবে। সব মিলিয়ে, সমালোচনা এবং চাপের মাঝেও পর্তুগাল শিবিরে বার্তা পরিষ্কার - দল ঐক্যবদ্ধ। এখনও বিশ্বকাপ জেতার আশা নিয়েই এগোচ্ছেন রোনাল্ডোরা।















