আজকাল ওয়েবডেস্ক: নরওয়ের বিশ্বকাপ অভিযানে 'ভাইকিং রো' উদযাপন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মাঠে এবং গ্যালারিতে হাজারো সমর্থক একসঙ্গে বসে নৌকা চালানোর ভঙ্গি করেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। তবে এক নরওয়েজিয়ান ভক্ত প্রকাশ্যে এই উদযাপনকে 'বোকামি' এবং 'ঐতিহাসিক ভুল' বলে প্রত্যাখ্যান করেন।সেই ভক্ত, এমিল লাপেন দাবি করেছেন, ভাইকিংরা আসলে আটলান্টিক পাড়ি দিয়েছিল পাল তুলে, নৌকা বেয়ে নয়। তাঁর মতে, এই রো উদযাপন আসলে আইসল্যান্ডের বিখ্যাত 'ভাইকিং ক্ল্যাপ' এর নকল। তিনি বলেন, 'এটা খুবই বোকামি এবং বিরক্তিকর। ভাইকিংরা নদীতে নৌকা বেয়েছিল। কিন্তু সমুদ্র পাড়ি দিয়েছিল পাল তুলে।'
অন্যদিকে নরওয়ের ফুটবলাররা এবং সমর্থকরা এই উদযাপনকে গর্বের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডও এতে অংশ নিয়েছেন। এমনকি গুগলও এই উদযাপনকে সম্মান জানিয়ে বিশেষ অ্যানিমেশন প্রকাশ করেছে। এই উদযাপনের ধারণা দেন নরওয়েজিয়ান সমর্থক ওলে ফ্রয়স্টাড। যিনি 'মিস্টার রো' নামে পরিচিত। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি প্রথম প্রস্তাব দেন। পরে নরওয়ের অফিসিয়াল সমর্থক ক্লাব এটাকে ম্যাচ ডে রীতিতে পরিণত করে। শুরুতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সুইডেনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে এটা খুবই জনপ্রিয়তা পায়।
এখন প্রশ্ন হচ্ছে - এটা কি সত্যিই ঐতিহাসিক ভুল? নাকি আধুনিক ফুটবলে সমর্থকদের ঐক্য এবং আনন্দের প্রতীক? একদিকে ইতিহাসবিদরা লাপেনের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে সমর্থকরা বলছেন, এটা তাঁদের আবেগ এবং গর্বের বহির্প্রকাশ। নরওয়ের 'ভাইকিং রো' উদযাপন তাই বিশ্বকাপে শুধু বিনোদন নয়, বরং ইতিহাস এবং সংস্কৃতির ব্যাখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।















