আজকাল ওয়েবডেস্ক: সিয়াটেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে চলে গিয়েছে বেলজিয়াম। কাজে লাগেনি 'ট্রাম্প কার্ড'। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোকে অনুরোধ করে নিয়মের ফাঁক খুঁজে বের করে ফোলারিন বালোগুনের লালকার্ড স্থগিত করা হয়। যাতে খেলতে পারেন মার্কিন স্ট্রাইকার। এর মূলে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে মঙ্গলবার প্রথম একাদশেই রাখা হয় বালোগুনকে। কিন্তু কোনও প্রভাব ফেলতে পারেননি। ট্রাম্পের প্রভাব খাটিয়ে এই পদক্ষেপ পুরোপুরি বিফলে যায়। মার্কিনিদের কার্যত উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রবেশ রেড ডেভিলসদের।
খেলার শেষে মাঠেই বিশেষ সেলিব্রেশনে মাতেন বেলজিয়ামের ফুটবলাররা। তারমধ্যে নজর কাড়েন রোমেলু লুকাকু। তাঁর ট্রেডমার্ক ডান্স করে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেন তারকা ফুটবলার। লালকার্ড স্থগিত করে একবছরের জন্য নির্বাসন পিছিয়ে দিয়ে খেলানো হয় বালোগুনকে। কিন্তু তাতে লজ্জার হাত থেকে রেহাই পেতে পারেনি আমেরিকা। গোটা ম্যাচে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বিশ্বকাপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ছিটকে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মিমে সোশ্যাল মিডিয়া ভরে যায়। তবে তারমধ্যে হাইলাইট, লুকাকুর নাচ। ম্যাচ শেষে হতেই মাতে ট্রাম্পের অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করেন বেলজিয়ামের স্ট্রাইকার। যা দেখে হেসে গড়াগড়ি খায় দলের বাকিরা। এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মার্কিনদের কাটা ঘায়ে নুনের ছিটে দেন বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ুরি টাইলিম্যান্স। জানান, লাল কার্ড বিতর্কের জেরে তাঁরা তেতে যায়। টাইলিম্যান্স বলেন, 'সত্যি বলতে, খবরটা শোনা মাত্র আমরা নিজেদের মধ্যে একটা মিটিং করি। আমরা নিজেদের মধ্যে বলি, আমাদের মাঠে নেমে সমস্ত জবাব দিতে হবে। আমরা সেটাই করতে পেরেছি। আমি দল নিয়ে গর্বিত। আমরা মর্যাদা নিয়ে খেলেছি। আমরা শুরুটা ভাল করতে চেয়েছিলাম। টুর্নামেন্টের শুরুতে যা আমরা পারিনি। আমরা জানতাম, ওদের ওপর চাপ সৃষ্টি করলে, ভুল হবেই।' শেষ আটে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।















