আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে এখনও সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা। একইসঙ্গে বিশ্বকাপ দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। বাজার গবেষণা সংস্থা ইপসস (Ipsos) এর এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের বিভিন্ন শহরের জনসংখ্যার ৯৪ শতাংশ কোনও না কোনওভাবে বিশ্বকাপের সঙ্গে জড়িত।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চলছে। খেতাবের দৌড়ে রয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন - যারা ভারতের ছ'টি সর্বাধিক সমর্থিত দলের মধ্যে চারটি। ফলে ভারতের দর্শকদের আগ্রহ এবং ম্যাচ দেখার প্রবণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী, শহরের ভারতীয়দের মধ্যে ৩৫ শতাংশের সমর্থন নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ব্রাজিল (২১ শতাংশ)। ইংল্যান্ডকে সমর্থন করেন ১৩ শতাংশ। ফ্রান্সের ১০ শতাংশ এবং স্পেনের পক্ষে রয়েছেন ৫ শতাংশ। আরও ৫ শতাংশ জানিয়েছেন, তাঁদের কোনও নির্দিষ্ট প্রিয় দল নেই।

এখন বিশ্বকাপে আছে সাতটি দল - আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে এবং সুইজারল্যান্ড। এরমধ্যে ভারতের চারটি সর্বাধিক জনপ্রিয় দল এখনও শিরোপার লড়াইয়ে থাকায় দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।সমীক্ষায় আরও উঠে এসেছে, ভারতের শহরগুলোতে ফুটবলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৫৬ শতাংশ নিয়মিত বিশ্বকাপ দেখছে। ৩২ শতাংশ মাঝেমধ্যে ম্যাচ দেখছে। আরও ৬ শতাংশ মূলত সেমিফাইনাল এবং ফাইনাল দেখার পরিকল্পনা করেছে। মাত্র ৬ শতাংশ বলেছে, তাঁরা এই টুর্নামেন্টে আগ্রহী নন।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারত বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও এই টুর্নামেন্ট এখন দেশের প্রধান ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। বিশ্বকাপ দেখার ক্ষেত্রেও বদলে যাচ্ছে দর্শকদের অভ্যাস। সরাসরি ম্যাচ সম্প্রচারে টেলিভিশনকে ছাপিয়ে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সমীক্ষা অনুযায়ী, ৫৪ শতাংশ ডিজিটাল সম্প্রচারকারী প্ল্যাটফর্মে খেলা দেখছে। অন্যদিকে ৩৪ শতাংশ এখনও টিভিতে খেলা উপভোগ করছে। এছাড়াও ১০ শতাংশ দর্শক মূলত ইউটিউব এবং ইনস্টাগ্রামের মাধ্যমে ম্যাচের আপডেট, ক্লিপিংস এবং হাইলাইটস দেখে। আরও ২ শতাংশ সংক্ষিপ্ত ম্যাচ হাইলাইটসের ওপর নির্ভর করে। 

সমীক্ষা সম্পর্কে ইপসস ইন্ডিয়ার সিইও সুরেশ রামালিঙ্গম বলেন, 'ফুটবল বিশ্বকাপ এখন আর শুধু একটা ক্রীড়া প্রতিযোগিতায় আটকে নেই। আমাদের সমীক্ষা দেখাচ্ছে, সমর্থকেরা শুধু ম্যাচই দেখছে না, বরং বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যমে বিশ্বকাপ সংক্রান্ত নানা বিষয়েও সক্রিয়ভাবে যুক্ত থাকছে।' উল্লেখ্য, ২০২৬ সালের ২৯ এবং ৩০ মে দেশের বিভিন্ন মেট্রো, টিয়ার-১, টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরের ১৮ থেকে ৪৫ বছর বয়সি ৬৪১ জন ভারতীয়ের মধ্যে অনলাইনে এই সমীক্ষা চালানো হয়। এর মাধ্যমে বিশ্বকাপকে ঘিরে ভারতের শহরের দর্শকদের দেখার অভ্যাসের একটি সামগ্রিক চিত্র উঠে এসেছে।