আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ চলাকালীন বিভিন্ন আবেগ ধরা পড়ে লিওনেল স্কালোনির মুখে, অভিব্যক্তিতে। উত্তেজিত হয়ে হলুদ কার্ডও দেখেন। কিন্তু ১২০ মিনিটের লড়াইয়ের শেষে, সত্যি না মেনে উপায় ছিল না। বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসিদের কোচ স্বীকার করে দেন, এদিন স্পেন তাঁদের থেকে অনেক ভাল খেলেছে। স্কালোনি বলেন, 'ওরা আজ আমাদের থেকে ভাল খেলেছে। সত্যিটা মানতে হবে। তবে আমি এই স্মৃতি চিরকাল মনে রাখব। এতদিন পর্যন্ত আমাদের স্বীকৃতি, এবং এই যাত্রাটা। এই জায়গায় পৌঁছতে প্রচুর পরিশ্রম লাগে।' 

খেলা শেষে দুই দলের প্লেয়ারদের মধ্যে ঝামেলা বাঁধে। হাতাহাতি পর্যন্তও হয়। তবে এর পক্ষে নন স্কালোনি। জানান, এতদিন যেভাবে সাফল্য উপভোগ করেছে দল, একইভাবে হারও মেনে নিতে হবে। মেসিদের কোচ বলেন, 'আমরা যেভাবে সাফল্য উপভোগ করি, একইভাবে হারও মেনে নিতে হবে। আজ আমরা দেখিয়ে দিয়েছি, আমরা জানি কীভাবে হারতে হয়। আমরা ম্যাচটা হেরে গিয়েছি। সেটা আমরা মেনে নিচ্ছি। তবে তার জন্য এই জায়গা পর্যন্ত পৌঁছনোর যাত্রাটা আমরা ভুলে যাব, তেমনও নয়।' 

গোটা বিশ্বকাপে সর্বত্র সমর্থকদের সাপোর্ট পেয়েছে আর্জেন্টিনা। ভক্তদের ধন্যবাদ জানান মেসিদের কোচ। বলেন, 'জনগণ, আমার প্লেয়ার, এবং আমার দেশ, সবার উদ্দেশে আমি বলতে চাই, আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা বাস্তবের মাটিতে পা রেখে এই জায়গায় পৌঁছেছি। প্লেয়াররা যদি মাঠে নেমে নিজেদের সবকিছু উজাড় করে দেয়, যেমন এদিন করেছে, এটাই আমাদের দেশের জন্য বড় উদাহরণ। এই জায়গা থেকে আমাদের নিজেদের তুলে ধরতে হবে। আর কোনও পথ নেই।' বিশ্বকাপ জিততে না পারলেও, পরপর দু'বার ফাইনালে ওঠার কৃতিত্বকে বড় করে দেখছেন স্কালোনি। তিনি বলেন, 'আমি অবশ্যই রানার্স আপ পদকেও গুরুত্ব দিই। কারণ এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমার মতে, সেই স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই আমরাও জিততে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। হতাশা বাদ দিলেও, আমার আর কিছু বলার ভাষা নেই। নিজেদের উজাড় করে দিলে, ভাল বা খারাপ খেললেও, ভুল খুঁজে বের করা যায় না।' আর্জেন্টিনার কোচ নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, পারলেন না মেসি। চোখের জলে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেন আধুনিক ফুটবলের মহাতারকা।