আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন ক্রমশই বাড়ছে। রেফারিদের একাধিক অনুকূল সিদ্ধান্ত থেকে শুরু করে টুর্নামেন্টের তুলনামূলক সহজ নকআউট গ্রুপে পড়া। সব মিলিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ফিফা বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শনিবার সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে, বিশ্বের প্রথম ১০ র‌্যাঙ্কিংয়ে থাকা কোনও দলের মুখোমুখি না হয়েই শেষ চারে পৌঁছে যাবে লিওনেল মেসিরা। 

প্রি-কোয়ার্টার ফাইনালে মিশরের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ের পর বিতর্ক আরও বেড়েছে। ম্যাচ শেষে মিশর শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আর্জেন্টিনাকে সুবিধা দিতেই নাকি গোটা বিশ্বকাপ আগে থেকেই 'ফিক্স' করা হয়েছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর দাবি, এই ধরনের সমালোচনার প্রভাব ফুটবলারদের ওপরও পড়ে। তবে তিনি এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না। বরং সমালোচনাকে বাড়তি অনুপ্রেরণায় পরিণত করেই দলকে আরও ভাল খেলতে উদ্বুদ্ধ করছেন।

স্কালোনি বলেন, 'আমরা আগের বিশ্বকাপ জিতেছি বলে অনেকেই চাইবেন না আমরা আবার চ্যাম্পিয়ন হই। সেই বিষয়টা আমরা জানি এবং ফুটবলাররাও সেটা অনুভব করে। সমালোচনাকে আমরা অনুপ্রেরণায় পরিণত করি, যাতে ফুটবলাররা আরও ভাল খেলতে পারে। ১৯৮৬ সালের পর থেকে অনেক সময় পেরিয়ে গেছে। তখনও বলা হয়েছিল আর্জেন্টিনা নাকি বাড়তি সুবিধা পাচ্ছে। এটা নতুন কিছু নয়। যতদূর মনে পড়ে, আর্জেন্টিনা সবসময়ই এমন একটা দল, যাদের ঘিরে বিতর্ক তৈরি হয়। অনেকেই আর্জেন্টিনার জয় দেখতে চান না। যেমন অন্য দলগুলির ক্ষেত্রেও হয়।' 

এদিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ার্ধে মিশরের গোল হওয়ার প্রায় ১০ সেকেন্ড আগে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে বাতিল করা হয় ন্যায্য গোল। যা নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে আর্জেন্টিনার কোচের দাবি, VAR কর্তারা নির্ধারিত নিয়মই অনুসরণ করছেন। স্কালোনি বলেন, 'VAR-এর মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেওয়া খুব কঠিন। এখানে ভুলের কোনও সুযোগ নেই। বিশ্বকাপ শুরুর আগে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছিল কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত হবে। সেই নিয়মই অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে।' রবিবার শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি মেসিরা। ফাইনালে ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলবে আর্জেন্টিনা।