আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছর আগে তাঁর গোলেই বিশ্বকাপ জিতেছিল স্পেন। জার্মানিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়বার বিশ্বজয়ের লক্ষ্যে নামার আগে আর্জেন্টিনাকে হারানোর রাস্তা বাতলে দিলেন আন্দ্রে ইনিয়েস্তা। বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার মহাতারকাকে নিয়ে স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার স্পষ্ট জানিয়েছেন, মেসিকে পুরোপুরি থামানো অসম্ভব। একটি সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, 'শাটিং হিম ডাউন কমপ্লিটলি ইজ ইম্পসিবল।' অর্থাৎ, মেসিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। তবে ইনিয়েস্তার মতে, স্পেন যদি নিজেদের খেলার ধারা বজায় রাখে, বল দখল এবং সৃজনশীলতা কাজে লাগায়, আর্জেন্টিনাকে চাপে ফেলা সম্ভব। তিনি জোর দিয়ে বলেছেন, ভয় নয়, আত্মবিশ্বাসই বড় ম্যাচ জয়ের মূল চাবিকাঠি।

ইনিয়েস্তা বলেন, 'মেসিকে পুরোপুরি আটকানো যাবে না। বরং, নিজেদের খেলা দিয়ে আর্জেন্টিনাকে আটকাতে হবে। চান্স তৈরি করতে হবে। গোলের সুযোগ কাজে লাগাতে হবে। মেসিকে ব্যাখ্যা করার কোনও ভাষা নেই। প্রত্যেক ম্যাচে যা করে, শুধু কুর্নিশ জানাতে হবে। ভয় নিয়ে খেললে চলবে না। আত্মবিশ্বাস বড় ভূমিকা নেবে। সবাই নিজেদের ভূমিকা জানে।' এক দশকের বেশি বার্সেলোনায় মেসির সঙ্গে কাটিয়েছেন ইনিয়েস্তা। সুতরাং, আর্জেন্টিনার অধিনায়কের খেলা সম্বন্ধে খুঁটিনাটি জানেন। 

৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৮ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। ধরে নেওয়া হচ্ছে, এটাই মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। তাই প্রত্যেক ম্যাচে নিজেকে উজাড় করে দিচ্ছেন। অন্যদিকে স্পেন সাত ম্যাচে অপরাজিত থেকে মাত্র একবার গোল হজম করেছে। তরুণদের অবদান, বিশেষ করে দানি ওলমোর পারফরম্যান্স, স্পেনকে নতুন ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইনিয়েস্তার বক্তব্যে স্পষ্ট, স্পেন যদি মেসিকে আটকানোর চেষ্টা করে সময় নষ্ট করে, তাঁরা পিছিয়ে পড়বে। বরং নিজেদের টিকিটাকা ফুটবল বজায় রেখে আক্রমণাত্মক খেলাই আর্জেন্টিনাকে হারানোর একমাত্র উপায়। আর্জেন্টিনার শক্তি মেসি হলেও স্পেনের হাতিয়ার দলগত সংহতি। বিশ্বকাপ ফাইনাল এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকবে।যেখানে একদিকে মেসির জাদু, অন্যদিকে স্পেনের দলগত শক্তি। ইনিয়েস্তার মতে, মেসিকে থামানো নয়, বরং স্পেনের নিজেদের স্টাইলে খেলা আর্জেন্টিনাকে হারানোর একমাত্র অস্ত্র।