আজকাল ওয়েবডেস্ক: ভারতের উপর চাপ বাড়াতে চায় অস্ট্রেলিয়া। লর্ডসে হাইভোল্টেজ লড়াইয়ের আগে বললেন অধিনায়ক সোফি মোলিনিউ।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার লর্ডসে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনিউ জানিয়েছেন, ভারত যে চাপের মধ্যে রয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর পাল্টা চাপ তৈরি করতে চান তাঁরা।
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও ভারতকে শেষ চারে জায়গা পাকা করার জন্য এই ম্যাচে জয়ের প্রয়োজন।
তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের পরিস্থিতি এক নয় বলেই মনে করছেন মোলিনিউ।
তিনি বলেন, ''আমাদের পরিস্থিতি ভারতের থেকে কিছুটা আলাদা। আমাদেরও জিততে হবে এবং নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় শেষ করতে হবে। তবে আমরা জানি, ভারতের ওপর কিছুটা চাপ রয়েছে। আমরা সেই চাপকে আরও বাড়াতে চাই এবং ম্যাচের শুরু থেকেই তাদের চাপে ফেলতে চাই।''
ভারতের বিরুদ্ধে এখনও অধিনায়ক হিসেবে জয় পাননি মোলিনিউ। চলতি বছরের শুরুতে ভারতের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।
তবে ২০১৮ সাল থেকে ভারতের বিরুদ্ধে ১১টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই লর্ডসে ফের একটি কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
''ভারতের বিরুদ্ধে ম্যাচ সবসময়েই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হয়। লর্ডসে দর্শক ভর্তি থাকবে, এটা বড় একটা ম্যাচ হতে চলেছে। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি'', বলেন তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অজি শিবিরে স্বস্তির খবর। চোট সারিয়ে দলে ফিরছেন ওপেনার ফোবি লিচফিল্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৪ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করার পর পায়ের পেশিতে চোট পেয়ে তিনি শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি।
ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের টুর্নামেন্টেও দাপট দেখাচ্ছে। গ্রুপ ‘এ’-তে চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে ১১৩ রানের বড় জয়ের পর এবার ভারতের বিরুদ্ধে জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব অপরাজিতভাবে শেষ করাই লক্ষ্য অস্ট্রেলিয়ার।
















