আজকাল ওয়েবডেস্ক: একসময় বাইশ গজে ব্যাট হাতে নেমেছেন। আইপিএলের নিলামে বিক্রিও হন। এবার তিনি বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির মালিক। চেনেন কি আর্যমান বিড়লাকে? তিনি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গোলাম বিড়লার ছেলে। ২৮ বছরের আর্যমান প্রাক্তন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন। এমনকি আরসিবির রজত পতিদার এবং ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেন। মধ্যপ্রদেশের হয়ে ন'টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন আর্যমান। ৪১৪ রান করেন বাঁ হাতি ব্যাটার। তারমধ্যে ইডেনে বাংলার বিরুদ্ধে একটি শতরানও আছে। চারটে লিস্ট এ ম্যাচে ৩৬ রান করেন। 

২০১৮ আইপিএলের মেগা নিলামে নাম নথিভুক্ত করেন আর্যমান। ৩০ লক্ষতে কেনে রাজস্থান রয়্যালস। কিন্তু ফ্র্যাঞ্চাইজির হয়ে একটিও ম্যাচ খেলেননি। ২০২০ মরশুমের আগে ছেড়ে দেওয়া হয়। প্রবল মানসিক চাপ এবং উদ্বেগ কাটাতে ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নেন তরুণ ক্রিকেটার। ইনস্টাগ্রামে আর্যমান লিখেছিলেন, 'আমার মনে হয়েছিল আমি আটকা পড়ে গিয়েছি। আমি আপ্রাণ চেষ্টা করেছি। তবে বর্তমানে আমার মানসিক স্বাস্থ্য এবং ভাল থাকায় ফোকাস করতে হবে। আমাদের সবার নিজস্ব যাত্রা আছে। এই সময় আমি নিজেকে আরও ভাল করে বুঝতে চাই।' এরপর আর ক্রিকেটে ফেরেননি। বর্তমানে আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি কেনার পর আর্যমান বলেন, 'আরসিবির পরবর্তী পর্বের উন্নয়নের অঙ্গ হতে পেরে ভাল লাগছে। স্পোর্টস, মিডিয়া এবং কঞ্জিউমার বিজনেস বোধের মিশ্রণে আমরা ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই।' 

মঙ্গলবার বিক্রি হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রেকর্ড দরে। ১৬০০০ কোটির বেশি অর্থে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কেনে আদিত্য বিড়লা গ্রুপ পরিচালিত কনসর্টিয়াম। এর অঙ্গ কুমার মঙ্গোলাম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজার্সের বোল্ট ভেঞ্চার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট। আরসিবির একশো শতাংশ শেয়ার কেনে এই গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন। একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, 'গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।'