আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হল শাকিব আল হাসানের। পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল, অভিজ্ঞ এই অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে প্রত্যাশা অনুযায়ী সেই সিরিজে তাঁর খেলা হয়নি। এবার নিউজিল্যান্ড সিরিজেও সুযোগ না পাওয়ায় তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা আরও বেড়ে গেল।
২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন শাকিব। এরপর রাজনৈতিক ও আইনগত জটিলতায় তিনি দলের বাইরে চলে যান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও ঝুলে রয়েছে।
জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। পাকিস্তান সুপার লিগে ডাক পাননি। আইপিএলের দরজা তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে।
বর্তমানে মাইনর লিগেও খেলতে দেখা গিয়েছে শাকিবকে। তবে এই পরিস্থিতির মধ্যেই আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, শাকিবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। বাশার বলেছেন, ''আমি জানতে চেয়েছিলাম শাকিব প্রস্তুত কিনা। কারণ ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট বা পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ কম।''
তবে দলে ফেরার জন্য একটি শর্তও দেন প্রধান নির্বাচক। তাঁর কথায়, ''আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে। তাই প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। শাকিব যদি সম্পূর্ণ প্রস্তুত থাকে এবং দীর্ঘ সময় ধরে খেলতে চায়, তাহলে আমরা অবশ্যই ওকে বিবেচনায় রাখব।”
সব মিলিয়ে, অভিজ্ঞ শাকিবের জাতীয় দলে ফেরা এখন নির্ভর করছে তাঁর প্রস্তুতি ও ধারাবাহিকতার উপরই।
















