আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোটের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।
তাঁর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএলের ফাইনাল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান কোহলি।
ম্যাচের পর স্ক্যানে সেই চোট ধরা পড়ার পর চিকিৎসকরা তাঁকে অন্তত দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খুব শীঘ্রই কোহলির বদলি ঘোষণা করতে পারে। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। যদিও আইপিএলে তাঁর পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না।
তবুও নির্বাচকদের আস্থাভাজন হিসেবেই তিনি সিনিয়র দলে ফেরার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রিয়ান পরাগ চোট পাওয়ার পর গায়কোয়াড়কে ইন্ডিয়া ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তবে তিনি যদি সিনিয়র ভারতীয় দলে ডাক পান, তাহলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজের জন্য ইন্ডিয়া ‘এ’ দলে জায়গা পেতে পারেন রজত পাতিদার। উল্লেখ্য, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দলকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এখন দেখার, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং বিভাগে নতুন সুযোগ পান কে। প্রসঙ্গত, বোর্ডের এক সূত্র জানান, ‘হ্যামস্ট্রিং চোটের জন্য একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কোহলি।’
১৩ জুন ধর্মশালায় তিন ম্যাচের সিরিজ শুরু হবে। আইপিএলে দারুণ ছন্দে ছিলেন কোহলি। ফাইনালে গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। আফগানিস্তান সিরিজের দিকে তাকিয়ে ছিল বিরাট ভক্তরা।
আশা ছিল, ভারতের জার্সিতে আবার জ্বলে উঠবেন কোহলি। কিন্তু আবার দেশের জার্সিতে বিরাটকে দেখতে অপেক্ষা করতে হবে। রোহিত শর্মার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
তাঁকে দলে রাখা হলেও, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁর খেলা নির্ভর করবে ফিটনেসের ওপর। আরসিবির খেতাব জয়ে বড় ভূমিকা নেন কোহলি। আইপিএল শেষে জানান দীর্ঘদিন আন্তর্জাতিক স্তরে টিকে থাকার রহস্য।
জানান, নিয়মিত উন্নতি করতে হয়। প্রতিনিয়ত খেলার ধরনে পরিবর্তন আসছে। তার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন বিরাট। আইপিএলে পোস্ট করা ভিডিওতে কোহলি বলেন, ‘আমি প্রতিনিয়ত উন্নতি করতে চাই। দলকে সাহায্য করার চেষ্টা করি। সব সময় এটাই আমার ফোকাস থাকে।’
তরুণদের জন্য নতুন বার্তা দেন। জানান, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হয়। বিরাট বলেন, ‘ম্যাচের পরিস্থিতি বুঝতে হয়। প্রস্তুতি এমন রাখতে হয় যাতে ৩-৪ ধরনে খেলা যায়। পিচ কঠিন থাকলে, চার মারার ক্ষমতা থাকতে হবে। শুধু ছয় মারলেই হবে না। সেটাও সম্ভব না হলে, স্ট্রাইক রোটেট করতে হবে। সবসময় খেলার মধ্যে থাকতে হবে।’ আইপিএল জয়ের পর বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ হয় বিরাটের। বিস্ময় বালককে মূল্যবান উপদেশ দেন।















