আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ লা লিগা জয়ের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন লামিন ইয়ামাল। মাঠে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি এবার বার্সেলোনার সেলিব্রেশনে প্যালেস্টাইনের পতাকা হাতে দেখা গেল তরুণ এই তারকা ফুটবলারকে।
সেই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচে গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড এবং ফেরান তোরেস।
শিরোপা জয়ের পর গোটা বার্সেলোনা শহরজুড়ে শুরু হয় বিজয় মিছিল। সেই সময় হুড খোলা বাসে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে। আর সেখানেই তাঁর হাতে দেখা যায় প্যালেস্টাইনের পতাকা।
উল্লেখযোগ্যভাবে, বার্সেলোনায় প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলন নতুন কিছু নয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-গাজা সংঘাতের পর থেকেই শহরটি প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ ও সংহতির অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে।
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ইয়ামাল। একসময় লিওনেল মেসির গায়ে থাকা বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি এখন তাঁর দখলে।
চলতি মরশুমে চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করলেও লা লিগায় ১৬ গোল এবং সর্বাধিক ১১টি অ্যাসিস্ট করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। গোলের সংখ্যায় তাঁর পাশে রয়েছেন ফেরান তোরেসও।
শুধু তাই নয়, এই মরশুমে লা লিগায় সর্বাধিক ১৩৩টি সফল ড্রিবলও করেছেন ইয়ামাল। তাঁর আক্রমণাত্মক ফুটবল এবং দুর্দান্ত স্কিল রাফিনহা এবং রবার্ট লেওয়ানডস্কির অনুপস্থিতি পূরণ করেছে।
কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ার পরে এবার টানা দ্বিতীয় মরশুম বড় কোনও ট্রফি ছাড়াই শেষ করতে চলেছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, ১৫ বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের পর থেকেই একের পর এক নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছেন ইয়ামাল। অনেকের কাছেই তিনি এখন বার্সেলোনার ভবিষ্যৎ তথা মেসির প্রকৃত উত্তরসূরি। আগামী বিশ্বকাপেও স্পেনের অন্যতম বড় ভরসা হতে চলেছেন এই তরুণ ফুটবলার।















