আজকাল ওয়েবডেস্ক: মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থ পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ড্রেসিং রুমেও রয়েছে অস্থিরতা। ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর দলের ভিতরের পরিবেশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। খবর অনুযায়ী, সতীর্থ আলিয়া রিয়াজের ঘরে রয়েছেন তাঁর স্বামী। আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু মন্তব্য করেনি।
মঙ্গলবার লিডসে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে পাকিস্তানের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় চারটি।
এর আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ফলে আয়ারল্যান্ড সফর শুরুর পর থেকে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান।
দলটির মেন্টর ও প্রধান কোচ ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক ফাতিমা সানার মধ্যে খেলোয়াড় নির্বাচন নিয়ে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। বাংলাদেশ ম্যাচের আগে সিনিয়র ক্রিকেটার আলিয়া রিয়াজের স্বামী আলি ইউনুসকে আলিয়ার ঘর থেকে সরিয়ে দিতে বলেন ফাতিমা সানা।
এছাড়াও বাংলাদেশ ম্যাচের আগের দিন দলীয় অনুশীলন থাকা সত্ত্বেও আলিয়া রিয়াজ ও তাঁর স্বামী ঘুরতে চলে গিয়েছিলেন। পরে একাদশ নির্বাচনের সময় ফাতিমা সানা আলিয়াকে বাদ দিতে চাইলেও ওয়াহাব রিয়াজ বাধা দেন।
বাংলাদেশের কাছে হারের পরে অধিনায়ক সানা নাকি প্রকাশ্যেই ওয়াহাব রিয়াজকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, দলের শৃঙ্খলা রক্ষার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এদিকে, দলের ভিতরে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফের সম্পর্কের অবনতিও ঘটে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ম্যাচের সময়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন নয়। ২০২৩ ও ২০২৪ সালের আইসিসি বিশ্বকাপেও পুরুষ দলের ব্যর্থতার সময় ড্রেসিংরুমে অশান্তির খবর প্রকাশিত হয়েছিল।















