আজকাল ওয়েবডেস্ক: একজন 'লিওনেল মেসি', অন্যজন 'লিটল মেসি'। ক্যানসাস সিটিতে জোড়া 'মেসি'। একজন বিশ্বমঞ্চে ফুল ফোটাচ্ছেন। অন্যজন নবজাতক। 'মেসি' নাম শুনলে সাধারণত ফুটবল জাদুকর লিওনেল মেসির কথাই মনে পড়ে। কিন্তু এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় উঠে এসেছে এক ভিন্ন 'মেসি'। যে গোল করে না, বরং আগাছা খেয়ে পরিবেশ রক্ষা করে। বিশ্বকাপের কয়েকদিন আগেই জন্মেছে।

মিসৌরি নদীর তীরবর্তী এলাকায় এই ছাগলটির কাজ হল, অনাকাঙ্ক্ষিত আগাছা পরিষ্কার করা। তাকে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরিয়ে রাখা হয়েছে। তাতে লেখা মেসি। জার্সি নম্বর ১০। আর সেই থেকেই তার নাম রাখা হয়েছে 'মেসি'।
একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, এই ছাগলটি 'Goats Gone Green' নামের একটি সংস্থার তত্ত্বাবধানে কাজ করছে। যারা প্রায় ৪০টি ছাগল নিয়ে পরিবেশবান্ধব উপায়ে জমি পরিষ্কারের কাজ করে। রাসায়নিক হার্বিসাইড ব্যবহার না করে ছাগল দিয়েই আগাছা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে নদীর জলে দূষণ না ছড়িয়ে পড়ে। বিশেষ করে মিসৌরি নদীর পাশে এই প্রকল্পটি চালু করা হয়েছে পরিবেশ রক্ষা এবং নিরাপদ ভূমি ব্যবস্থাপনার জন্য। স্থানীয় প্রশাসন এবং বেসরকারি অংশীদারদের সহযোগিতায় চলা এই উদ্যোগে ৫৫ একর জমি থেকে আগাছা সরানো হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ক্যানসাস সিটিকে তাঁদের বেস হিসেবে বেছে নিয়েছে। এর ফলে 'দুই মেসি' একই শহরে একইসঙ্গে আলোচনায় উঠে এসেছে। নদীর ধারে হাঁটতে আসা মানুষজন নিয়মিত থেমে ছবি তুলছেন 'বেবি মেসি'-র সঙ্গে। এই ছাগলটি এখন ছোটখাটো স্থানীয় সেলিব্রিটিতে পরিণত হয়েছে। দুই 'মেসির' কি সাক্ষাৎ হয়েছে? বা হওয়ার সম্ভাবনা রয়েছে? 'Goats Gone Green' নামক সংস্থার মালিক কাইল অ্যালভিস বলেন, 'আমি যতদুর জানি, মেসি এখানে আসেনি। যদি এসে ছোট্ট মেসির সঙ্গে দেখা করতে চায়, আমরা স্বাগত জানানোর জন্য তৈরি।' বিশেষজ্ঞদের মতে, ছাগল দিয়ে আগাছা পরিষ্কার করা পরিবেশবান্ধব, টেকসই এবং কম খরচের একটি কার্যকর পদ্ধতি। আর এই উদ্যোগের মুখ হয়ে ওঠা 'মেসি' যেন প্রমাণ করছে - নায়ক হতে গোল করার দরকার নেই, কখনও কখনও ছোট ছোট কাজই বড় পরিবর্তন এনে দেয়।















