আজকাল ওয়েবডেস্ক: দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। এটা ঘটনা, দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন রণতুঙ্গা। এখন অবশ্য বিদেশে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।
খেলা থেকে অবসরের পর রাজনীতিতে এসেছিলেন রণতুঙ্গা। দেশের পেট্রোলিয়াম মন্ত্রীও হয়েছিলেন। আর মন্ত্রী থাকাকালীনই এই দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সময় নাকি মোটা অর্থের বিনিময়ে বেশ কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রণতুঙ্গা ও তাঁর দাদা ধাম্মিকা রণতুঙ্গার বিরুদ্ধে। সেই অভিযোগে দু’জনেই দোষী প্রমাণিত হয়েছেন। এটা ঘটনা, রণতুঙ্গা যখন পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন তখন ধাম্মিকা একটি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। দু’জনে মিলে দুর্নীতি করেছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ধাম্মিকাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিন পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার পাশাপাশি আমেরিকারও নাগরিকত্ব রয়েছে তাঁর। তাই জামিন পেলেও তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।
কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে তদন্ত কমিশন জানিয়েছে, রণতুঙ্গা দেশে ফিরলেই যেন তাঁকে গ্রেপ্তার করা হয়। কমিশন আরও জানিয়েছে, ২৭টি সংস্থাকে বেআইনিভাবে বরাত পাইয়ে দিয়েছিলেন রণতুঙ্গা। তার জন্য প্রায় ২৪ কোটি টাকা নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে করা এই দুর্নীতি অবশেষে প্রমাণিত হয়েছে।
গত বছর ক্ষমতায় আসার পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক জানিয়ে দিয়েছিলেন, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত কমিশন তৈরি করেন তিনি। সেই কমিশনই তদন্ত করে দোষী সাব্যস্ত করেছে ৬২ বছর বয়সি রণতুঙ্গাকে। তাঁর ভাই প্রসন্ন রণতুঙ্গা শ্রীলঙ্কার প্রাক্তন পর্যটনমন্ত্রী ছিলেন। তাঁকেও দুর্নীতির অভিযোগ গত মাসে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে রণতুঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে। সেই দলে জয়সূর্য, কালুভিথারানা, ডি’সিলভা, রোশন মহানামার মতো ব্যাটাররা ছিলেন। ছিলেন মুরলি, চামিন্ডা ভ্যাসের মতো বোলার।
এদিকে, আইপিএলের মিনি নিলাম আজ মঙ্গলবার। আবুধাবিতে হবে নিলাম। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে নিলাম সরাসরি দেখা যাবে টিভিতে। তবে নিলামের আগেই জানা গেল ২০২৬ আইপিএল শুরুর সম্ভাব্য দিন। সূত্রের খবর, ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএল। ৮ মার্চ শেষ হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে ২০২৬ সালের আইপিএল। ফাইনাল হবে ৩১ মে। এর অর্থ দু’মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএল।
