আজকাল ওয়েবডেস্ক: পরিবেশ দিবসে ময়দানের পরিবেশ উন্মুক্ত করার প্রতিজ্ঞা রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। দ্রুত ক্রীড়া পরিবেশ বদলের আশ্বাস দিলেন। জানিয়ে দিলেন, বাংলার ক্রীড়াজগত যাদের জন্য কলুষিত, যাদের হাত ধরে রাজনীতিকরণ হয়েছে, তাঁদের কাউকে ছাড়া হবে না। ময়দানকে রাজনীতিমুক্ত করার আপ্রাণ চেষ্টা করা হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামীতে আরও প্রমাণ পাওয়া যাবে। পরিবেশ দিবসে এমনই জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির নানান অভিযোগ এবং তোলাবাজির অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তিনি। দাদার বিরুদ্ধেও অভিযোগ কম নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে ইতিমধ্যে পুলিশের সমন পেয়েছেন। যা অসুস্থতার কারণ দেখিয়ে এড়ান অরূপ বিশ্বাস। 

স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর এই কথা নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারের সামনে গত পনেরো বছর ধরে দাঁড়িয়ে থাকা বিদঘুটে মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় কোন মূর্তি বসবে সেটা নিয়ে নানান মত রয়েছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, বাঙালির আবেগের কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূর্তির জায়গায় মোহনবাগান, ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু করার কথা শোনা যাচ্ছে। তবে তাতে এখনও সিলমোহর পড়েনি। কয়েকদিনের মধ্যেই জানানো হবে। 

বাংলার ফুটবলকেও দুর্নীতি মুক্ত করার আশ্বাস দেন। গত বছরের লিগে বেটিংয়ের অভিযোগ উঠেছে। যা নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গণ্ডগোলের উৎস কোথায় এবং কারা, মূল চক্র নিয়ে ময়দানে চর্চা অব্যাহত। কলকাতা লিগে বল গড়াবে চলতি মাসের ২৫ তারিখ। বিষয়টি নিয়ে অবগত ক্রীড়ামন্ত্রী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চমকের আশ্বাস দেন নিশীথ প্রামাণিক। একইভাবে ক্রীড়া প্রশাসনে পরিবারতন্ত্রের অবসান ঘটানোর আশ্বাস দেন। পাশাপাশি জানান, রাজ্য ক্রীড়া পরিকাঠামোর বিভিন্ন অভিযোগ নিয়েও অডিট করা হবে। এদিন বিশ্বসাইকেল ডে নিয়ে একটি অনুষ্ঠানে এসে এইগুলো জানান নতুন ক্রীড়ামন্ত্রী। ৭ জুন সকালে হবে সাইকেল র‍্যালি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক হয়ে র‍্যালি শেষ হবে যুবভারতীতে। র‍্যালির উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী।