আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিন আগেও তিনি ছিলেন বিশ্বকাপের মঞ্চে। দেশের জার্সিতে লড়াই করেছিলেন স্বপ্নপূরণের জন্য। অথচ হঠাৎ করেই থেমে গেল দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের জীবন। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার  কেপটাউনে মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন অ্যাডামস। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে শুরুর একাদশে মাঠে নামেন তিনি। ম্যাচে ৬১ মিনিট খেললেও দলকে ২-০ গোলের হার এড়াতে পারেননি। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নামেন অ্যাডামস। সেটিই হয়ে থাকে তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিলেও সেই পর্বে আর মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

অ্যাডামস পুরো কেরিয়ার কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। স্টেলেনবশ ক্লাবের যুব দল থেকে উঠে আসা এই প্রতিভাবান ফুটবলার গত বছর যোগ দেন দেশটির অন্যতম শীর্ষ ক্লাব মেমলোদি সানডাউনসে। জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ২টি গোল।

অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে। সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এবং সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন পৃথক শোকবার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এক শোকবার্তায় তারা জানায়, “জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। তাঁর এই চলে যাওয়া পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল এবং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চ থেকে মাত্র কয়েক দিনের ব্যবধানে চিরবিদায় নেওয়া জেইডেন অ্যাডামসের মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলে এক গভীর শূন্যতা তৈরি করল।