আজকাল ওয়েবডেস্ক: শাকিব আল হাসানকে নিয়ে ঘটনাপ্রবাহ বিভিন্ন খাতে বইছে। ফলে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে খবরাখবর। 
বুধবার শোনা গিয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেন শাকিব। বৃহস্পতিবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে বড় আপডেট।

রশিদ খানদের বিরুদ্ধে শাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও নেওয়া হয়নি ঠিকই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী সিরিজ হয়তো খেলবেন না শাকিব। 

শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য শাকিবের কথা আগে বললেও ফারুক আহমেদ এদিন বলেছেন, ''শাকিব অনুশীলনের মধ্যেও নেই। প্রস্তুত হতে কিছুটা সময় দরকার।'' 

বিসিবি সভাপতি আরও জানান, আবু ধাবিতে টি-টেন টুর্নামেন্ট খেলে নিজেকে প্রস্তুত করবেন শাকিব। প্রস্তুতি ঠিকঠাক হলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলতে তাঁকে ডাকা হতে পারে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে খেলে ব্যাট-প্যাড তুলে রাখতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শাকিবের ইচ্ছাপূরণ হয়নি। বিদেশের মাটিতে শাকিবের আফগানদের বিরুদ্ধে নামার কথা থাকলেও নামা আর হচ্ছে না। শাকিবকে নিয়ে এখন  অনেক প্রশ্ন। উত্তর দেওয়ার কেউ নেই।