আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বল হাতে নিষ্প্রভ শাকিব আল হাসান। দুই ইনিংসে মোট ২১ ওভার বল করেছেন বাংলাদেশের তারকা স্পিনার। কিন্তু একটি উইকেটও দখল করতে পারেননি তিনি। প্রশ্ন উঠেছে, শাকিবের নামের পাশে কেন উইকেট নেই।
বোলিং ব্যর্থতার দিনে শাকিব কিন্তু নতুন এক নজির গড়লেন। কী সেই রেকর্ড?
সব থেকে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়েছেন শাকিব। শনিবার তাঁর বয়স ৩৭ বছর ১৮১ দিন। এতদিন বাংলাদেশের হয়ে সবথেকে বেশি বয়সে টেস্ট খেলেছিলেন মহম্মদ রফিক। ৩৭ বছর ১৮০ দিন বয়সে তিনি খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৮ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে সেটাই রফিকের শেষ টেস্ট ম্যাচ।
শাকিব অবশ্য এখানেই থামছেন না। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তিনি। একাধিক ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছেছেন। বিশ্বের একনম্বর অলরাউন্ডার ছিলেন একসময়ে। সময়ের সঙ্গে সঙ্গে ধার এখন অনেকটাই কমেছে শাকিবের।
তবে বিশ্ব ক্রিকেটে সবথেকে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের দখলে। ১৯৩০ সালে তিনি যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে মাঠে নামছেন, সেই সময়ে তাঁর বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন।
আধুনিক সময়ের ক্রিকেটে সবথেকে বেশি বয়সি হিসেবে টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়েন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল হক। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেন ৪২ বছর ৩৫১ দিন বয়সে।















