আজকাল ওয়েবডেস্ক: কলকাতার মেসি ভক্তদের জন্য সুখবর। আবার চাক্ষুষ করার সুযোগ হতে পারে বিশ্বফুটবলের ম্যাজিশিয়ানকে। অবাক হচ্ছেন? বা ভাবছেন ভুল পড়ছেন? একেবারেই না। যারা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও যুবভারতীতে মেসির দর্শন পাননি, তাঁদের জন্য আরও একবার সুযোগ আসতে পারে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আগামী বছর আবার কলকাতায় পা রাখতে পারেন লিওনেল মেসি। এই নিয়ে তৃতীয়বার। সোশ্যাল মিডিয়ায় শতদ্রু দত্তের পোস্টে তেমনই ইঙ্গিত। একদিন আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ক্রীড়া উদ্যোগপতি। সেই পোস্ট মার্কিন মুলুকে পা রাখার পর করা।
নিজের ওয়ালে একটি 'গোট'-এর ইমোজি দেন শতদ্রু। পাশে আর্জেন্টিনার পতাকা। যার ফলে কারোর বুঝতে অসুবিধা হয়নি কার দিকে ইঙ্গিত করছেন। তবে একই পোস্টে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি ব্রাজিলের পতাকাও রয়েছে। অর্থাৎ, মেসি ছাড়াও কোনও ব্রাজিলীয় তারকাকেও আনার চেষ্টায়। এরপর নিউইয়র্ক বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইন থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানে ভারতে মেসির সফর কেন্দ্রিক একটি ঘটনার উল্লেখ করেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু শনিবার প্রায় চার ঘণ্টা আগে করা শতদ্রুর পোস্টে আবার নড়চড় বসে মেসি ভক্তরা। সেখানে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের সামনে দুটো ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। প্রথম ছবিতে আর্জেন্টিনার পতাকা হাতে শতদ্রু। দ্বিতীয় ছবিতে মেসি এবং ডি পলের পোস্টারের সামনে দাঁড়িয়ে দুই হাতে ভিকট্রি সাইন। পেছনে মেসিদের পোস্টারে লেখা, 'আবার ইতিহাস?' সেই পোস্টের ক্যাপশনে শতদ্রু লেখেন, 'নেভার সে নেভার। আসছে বছর...'। এছাড়াও একটি রিল পোস্ট করেন। তার ক্যাপশনে লেখেন, 'ওয়ান মোর টাইম।' অর্থাৎ, 'আরও একবার'। বিশ্বকাপের মধ্যে তাঁর এই পোস্ট জল্পনা বাড়াচ্ছে।
যদি আবার মেসিকে আনতে পারেন, সত্যিই ইতিহাস! এর আগে বিশ্বফুটবলে দাপিয়ে খেলে বেড়ানো কোনও বর্তমান মহাতারকা কলকাতায় তিনবার পা রাখেননি। দু'বার এসেছেন পেলে এবং মারাদোনা। তারমধ্যে প্রথমবার পেলে কেরিয়ারের সায়াহ্নে, দ্বিতীয়বার অবসরের অনেক পরে। মারাদোনা দু'বারই খেলা ছাড়ার পর। কোচিং জীবনে পা রাখার পরে। এদিকে কলকাতায় একটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিষেক হয় অধিনায়ক মেসির। গত ডিসেম্বরে দ্বিতীয়বার কল্লোলিনীতে আসেন ফুটবলের রাজপুত্র। কিন্তু সেই সফরের কথা হয়ত ভুলে যেতে চাইবেন আর্জেন্টিনার অধিনায়ক। যুবভারতীর স্মৃতি সুখকর হয়নি। তারপর অনেকদূর জল গড়ায়। সরকার বদলের পর স্বস্তি ফিরে পেয়েছেন শতদ্রু। আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। স্বপ্ন দেখাচ্ছেন মেসি ভক্তদেরও। শোনা যাচ্ছে বাংলাদেশে খেলতে আসবে ইন্টার মায়ামি। সেখান থেকেই মেসিকে কলকাতায় আনার চেষ্টা করা হবে। তবে এত কিছুর পরও বিশ্বকাপজয়ী অধিনায়ক কলকাতায় আসতে রাজি হবেন কিনা, সেটাই বড় প্রশ্ন।
















