আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির পর আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মাও? জানা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট আছে হিটম্যানেরও। আইপিএলে চোট পেয়েছিলেন। সেই চোট এখনও সারেনি। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে অনিশ্চিত রোহিতও। হার্দিক এবং রোহিতকে একদিনের সিরিজের দলে রাখা হয়েছিল। কিন্তু নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়ে দেন, তাঁদের সিরিজে অংশ নেওয়া নির্ভর করবে ফিটনেসের ওপর। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স-এ ফিটনেস টেস্ট দিতে হবে দুই তারকা ক্রিকেটারকে। এখনও পর্যন্ত সিওইতে রিপোর্ট করেননি রোহিত। তাই ভাবা হচ্ছে, আসন্ন আফগানিস্তান সিরিজে পাওয়া যাবে না তাঁকে। 

চলতি আইপিএলে ন'টি ম্যাচ খেলেন রোহিত। ২৮৩ রান করেন। গড় ৩৫.৩৭। রয়েছে দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ৮৪। বর্তমানে শুধু একদিনের আন্তর্জাতিক খেলেন হিটম্যান। ২০২৪ টি-২০ বিশ্বকাপ থেকে জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন। গত মে মাসে টেস্ট থেকে সরে দাঁড়ান। ২০২৫ সালের মার্চে অধিনায়ক হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। ১৪ ম্যাচে ৬৫০ রান করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শেষ করেন। গড় ছিল ৫০.০০। স্ট্রাইক রেট ১০০.৪৬। সর্বোচ্চ রান অপরাজিত ১২১। বছরের শুরুতে ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন রোহিত। তিন ইনিংস মিলিয়ে ৬১ রান করেন। সর্বোচ্চ রান ২৫। কোহলির পর রোহিতও ছিটকে যাওয়ায়, আফগানিস্তান সিরিজে দুই তারকাকে দেখার থেকেই বঞ্চিত হবে ভক্তরা। পরের বছর একদিনের বিশ্বকাপ। তার আগে দুই তারকার সিরিজ থেকে ছিটকে যাওয়া কি কোনও অশুভ ইঙ্গিত দিচ্ছে?