আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। একদিনের দলে ফেরানো হল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। আইপিএল শেষ হলেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজের পাশাপাশি একটি টেস্টও খেলবে। দুই ফরম্যাটের জন্য মঙ্গলবার দল ঘোষণা করা হল। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ অধিনায়ক করা হল শ্রেয়স আইয়ারকে। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন রোহিত এবং বিরাট। প্রথম উইকেটকিপার কেএল রাহুল।ধারাবাহিকতার পুরস্কার পেলেন ঈশান কিষাণ। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেলেন আফগানিস্তান সিরিজে। চোটের জন্য আইপিএলে খেলছেন না হার্দিক পাণ্ডিয়া। কিন্তু একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। দলে তিনটে নতুন মুখ। সুযোগ পেলেন প্রিন্স যাদব। এছাড়াও সুযোগ দেওয়া হয় গুরনুর ব্রার এবং হর্ষ দুবেকে। আইপিএলের পারফরম্যান্সের পুরস্কার পেলেন প্রিন্স। লখনউ ভাল বা খেললেও, বল হাতে অনবদ্য তরুণ পেসার। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
একদিনের সিরিজের পাশাপাশি টেস্ট দলও ঘোষণা করা হয়। লাল বলের ক্রিকেটেও নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ অধিনায়ক কেএল রাহুল। টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়েসওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল। একদিনের পাশাপশি টেস্ট দলেও সুযোগ পান কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। আইপিএলে ধারাবাহিকতার পুরস্কার পান কেএল রাহুলও। দুই ফরম্যাটেই সুযোগ পান ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তারমধ্যে লাল বলের ক্রিকেটে গিলের ডেপুটি। একদিনের পাশাপাশি টেস্ট দলেও সুযোগ পান গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। টেস্টে সুযোগ পান মানব সুথারও। অথচ টেস্ট এবং একদিনের দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে সাফল্য সত্ত্বেও তাঁকে নিয়ে আলোচনাই হয়নি। ফের ব্রাত্যই থেকে গেলেন। এদিনের বৈঠকে শামিকে নিয়ে কোনও আলোচনা হয়নি, জানিয়ে দেন অজিত আগরকর। জাতীয় নির্বাচক প্রধান দাবি করেন, বর্তমানে শুধুমাত্র টি-২০ খেলার জন্য তৈরি তারকা পেসার। আগরকর বলেন, 'শামিকে নিয়ে আলোচনা হয়নি। জানি একটা ঘরোয়া মরশুমে খেলেছে। তবে আমার পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শামি শুধুমাত্র টি-২০ খেলতে তৈরি। তাই ওকে নিয়ে কোনও আলোচনা হয়নি। বাদ পড়েন রবিদ্র জাদেজা, অক্ষর প্যাটেলও। টেস্ট এবং একদিনের সিরিজের দলে নেই দুই অলরাউন্ডার।
ভারতের একদিনের দল:
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষ দুবে, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার।
ভারতের টেস্ট দল:
শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল (সহ অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।














