আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে টসের সময় সাধারণত আলো থাকে দুই অধিনায়কের ওপর। তবে শনিবার ‘দ্য হান্ড্রেড'-এর ম্যাচে বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের লড়াইয়ে সবার নজর ছিল এক বিশেষ অতিথির দিকে। তিনি আর কেউ নন, বার্মিংহামেরই সন্তান, ইংল্যান্ড জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহাম।

বার্মিংহাম ফিনিক্সের অংশীদারদের একজন বেলিংহাম এদিন ম্যাচের টসের সময় মাঠে উপস্থিত ছিলেন। দুই অধিনায়কের হাতে কয়েন তুলে দেন তিনি। তাঁর এই উপস্থিতি মুহূর্তটিকে আরও আকর্ষণীয় করে তোলে জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর উচ্ছ্বসিত মন্তব্যে।

শাস্ত্রী নিজের পরিচিত কণ্ঠে বলেন, “আমাদের ঘরের ছেলে, বার্মিংহামের সুপারস্টার ও গ্যালাকটিকো। দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে আসা বার্মিংহাম ফিনিক্সের অন্যতম স্বত্বাধিকারী—তিনি জুড বেলিংহাম। এখন জুড টসের জন্য মুদ্রা তুলে দেবেন।”

বেলিংহামের সঙ্গে দেখা হওয়ার পর বেশ উচ্ছ্বসিত ছিলেন ৬৪ বছর বয়সী শাস্ত্রীও। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “হান্ড্রেডের টসে বার্মিংহামের নিজস্ব গ্যালাকটিকোকে পাওয়া দারুণ অভিজ্ঞতা। কী দুর্দান্ত খেলোয়াড়! তাঁর আগামী মরশুমের জন্য শুভকামনা।” 

?ref_src=twsrc%5Etfw">August 1, 2026

শুধু প্রশংসাই নয়, বেলিংহামের কাছ থেকে স্মারক উপহারও পেয়েছেন শাস্ত্রী। বেলিংহামের সই করা একটি ক্যাপ উপহার পান তিনি। মজার ছলে শাস্ত্রী বলেন, “এই অটোগ্রাফটা আমার মেয়ের জন্য নিলাম। এটা না নিয়ে বাড়ি ফিরলে মেয়ে আমাকে ঘরেই ঢুকতে দিত না!”

বেলিংহামের উপস্থিতিতে টসের মুহূর্ত স্মরণীয় হলেও ম্যাচের ফল বার্মিংহাম ফিনিক্সের পক্ষে যায়নি। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জো ক্লার্ক। ওয়েলশ ফায়ারের হয়ে লকি ফার্গুসন ও মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট নেন।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েলশ ফায়ার।