আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড হরমনপ্রীত কৌরের। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন ভারতের মেয়েদের দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-২০ খেলতে নেমেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হরমন। ১৯ ফেব্রুয়ারি নিজের ৩৫৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। ছাপিয়ে গেলেন সুজি বেটসকে। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড ছিল তাঁর।
এই দু'জনের পর তৃতীয় স্থানে এলসি পেরি। তাঁর ম্যাচ সংখ্যা ৩৪৯। মিতালি রাজ ৩৩৩ ম্যাচ খেলেছেন। তারপর রয়েছেন চার্লট এডওয়ার্ড। ইংল্যান্ডের হয়ে ৩০৯টি ম্যাচ খেলেন। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় আছেন সোফি ডিভাইন (৩০৫), হিদার নাইট (৩০৩) এবং ড্যানি ওয়াট হজ (৩০২)।
হরমনপ্রীত ছ'টি টেস্ট খেলেছেন। খেলেছেন ১৬১টি একদিনের ম্যাচ এবং ১৮৯টি-২০ ম্যাচ। টেস্টে তাঁর রান ২০০। একদিনের আন্তর্জাতিকে রান সংখ্যা ৪৪০৯। টি-২০ ক্রিকেটে তাঁর রান ৩৭৮৪। এছাড়াও মেয়েদের প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেন। মেয়েদের বিগ ব্যাশে ৬২ ম্যাচ খেলেন। মেয়েদের হান্ড্রেডে ১০টি ম্যাচ খেলেন ভারত অধিনায়ক। হরমনপ্রীতের হাত ধরে প্রথম বিশ্বকাপ জেতে ভারতের মেয়েরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারায়। সবাইকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করতে পেরে খুশি ভারতের অধিনায়ক। হরমনপ্রীত বলেন, 'আমার জন্য খুব বড় স্বীকৃতি। আশা করছি দলের জন্য আরও পরিশ্রম করে যেতে পারব। একইসঙ্গে যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে পারব।' ভারতীয়দের মধ্যে তাঁর পেছনে রয়েছেন মিতালি রাজ।
