আজকাল ওয়েবডেস্ক: স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর ভাগ্যে শেষপর্যন্ত বিশ্বকাপ অধরা। প্রিয় তারকার বিদায়ের পর ইনস্টাগ্রামে নিজের আইডলের জন্য একটি বার্তা পোস্ট করেন মহম্মদ সিরাজ। ঢেলে দেন আবেগ। সিরাজ লেখেন, 'আজ যাই হোক না কেন, তুমি চিরকাল আমার অনুপ্রেরণা থাকবে, ক্রিশ্চিয়ানো। একটি ম্যাচ দিয়ে তোমার মাহাত্ম্য নির্ধারণ করা যায় না। বিশ্বের মিলিয়ন ফ্যানদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।' নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ভারতীয় তারকা।
সিরাজ যে রোনাল্ডো ভক্ত, সেটা সবারই জানা। ফুটবল থেকে ক্রিকেটে নিয়ে আসেন সিউ সেলিব্রেশন। একাধিকবার রোনাল্ডোকে নকল করতে দেখা যায় তাঁকে। উইকেট নেওয়ার পর বেশ কয়েকবার একইভাবে উদযাপন করতে দেখা যায়। প্রিয় তারকার বিদায়বেলায় আবেগপ্রবণ সিরাজ। মঙ্গলবার চোখে জল নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ তারকা। সমর্থকদের দিকে হাত নাড়েন। চোখে-মুখে হতাশা স্পষ্ট হলেও, হার মেনে নেন। রোনাল্ডো বলেন, 'দুঃখিত। এইভাবে ছিটকে যেতে হলে, সেটা তো হবেই। আমি নিজের সবকিছু দিয়েছি। সেরাটা দিয়েছি। বিবেকের কাছে আমি স্পষ্ট। এটা ফুটবল। এটাই একজন ফুটবলারের জীবন। কখনও আমরা জিতি, কখনও হারি।'
ডালাস স্টেডিয়ামে শেষ মিনিটের গোলে পর্তুগালকে হারায় স্পেন। খেলা অতিরিক্ত সময় যাওয়া প্রায় নিশ্চিত। এমন সময় স্বপ্নভঙ্গ। স্টপেজ টাইমের প্রথম মিনিটেই জয়সূচক গোল। দ্রুত ফ্রিকিক নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন মাইকেল মেরিনো। ফেরান টোরেসের রিটার্ন পাস থেকে ৯১ মিনিটে গোল। বিশ্বকাপে টানা ছয় ম্যাচে ক্লিনশিট স্পেনের।















