আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আবারও দাপট দেখালেন ভারতের তরুণ স্পিনার মানব সুথার। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে ইয়র্কশায়ারের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই নজর কাড়েন তিনি। ২১ ওভারে ৮৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার। তাঁর ঘূর্ণিতে ইয়র্কশায়ার অলআউট হয় ৪৬৯ রানে।

সুথারের কাউন্টি ক্রিকেটে প্রথম শিকার ছিলেন স্যাম হুইটম্যান, যিনি হাফ সেঞ্চুরি করার পরই আউট হন। এরপর ওপেনার উইলিয়াম লুক্সটনকে এলবিডব্লিউ করে ফেরান তিনি, যিনি ২৬১ বলে ১৬৭ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। পরে জর্জ হিলকে আউট করে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন সুথার। ভারতের হয়ে টেস্ট অভিষেকে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডেও দ্রুত প্রভাব ফেলছেন এই তরুণ স্পিনার।

অন্যদিকে, অভিজ্ঞ ভারতীয় পেসার জয়দেব উনাদকড় আবারও ভাল ফর্মে রয়েছেন ইংল্যান্ডে। সাসেক্সের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে তিনি ১৪.২ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। তাঁর বোলিং নৈপুণ্যে গ্ল্যামারগন মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায়। সাসেক্সে দ্বিতীয় মরশুম খেলছেন উনাদকড় এবং ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।