আজকাল ওয়েবডেস্ক: নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন কল্যাণ চৌবে। এবার গুরুতর অভিযোগ আনলেন ফেডারেশনের মেয়েদের কমিটির প্রধান ভালাঙ্কা আলেমাও। তাঁর আরও একটি পরিচয় আছে। চার্চিল ব্রাদার্সের সিইও এবং কর্ণধার ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিলের মেয়ে তিনি। দাবি করেন, দিল্লিতে কার্যকরী কমিটির বৈঠকে তাঁকে হেনস্থা করেন কল্যাণ চৌবে। লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন ভালাঙ্কা। যা ভারতীয় ফুটবলে কর্তাদের আচরণবিধি নিয়ে আবার প্রশ্ন তুলে দিয়েছে। শোনা যাচ্ছে, ২৯ মার্চ দিল্লির ফুটবল হাউজে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এই ঘটনা ঘটে। সেই মিটিংয়ে নাকি এআইএফএফের কর্তারা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে। 

কয়েকদিন আগে ভারতের মেয়েদের এশিয়া কাপে সাংগঠনিক ভুল-ভ্রান্তির অভিযোগ তোলেন ভালাঙ্কা। তার কদিন পরই আবার এই অভিযোগ। কার্যকরী কমিটির সদস্যদের উদ্দেশে লিখিত অভিযোগে করেন। চিঠিতে লেখেন, 'আমি লিখিতভাবে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সহ সভাপতি এনএ হ্যারিস, ডেপুটি সচিব এম সত্যনারায়ণের খারাপ ব্যবহারের কথা জানাচ্ছি। আমাকে কিছু বলতে দেওয়া হয়নি। কথা শোনাও হয়নি। আমার বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করে। আমাকে ভয় পাওয়ানোর জন্য চড়া গলায় কথা বলে। গোটা বৈঠকে আমাকে টার্গেট করা হয়।' 

অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপে ভারতের ব্যর্থতার জন্য ফেডারেশনের একাধিক ভুলকে দায়ী করেন মহিলা ফুটবল কর্তা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে লজিস্টিকস, সিদ্ধান্ত নেওয়া, সব বিষয়েই কল্যাণ চৌবের দিকে আঙুল তোলেন। দাবি করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কার্যকরী কমিটি এবং মেয়েদের কমিটির সঙ্গে আলোচনা করা হয়নি। ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগের পাল্টা দেন কল্যাণ। জানানো হয়, ভালাঙ্কা আলেমাও এবং তাঁর পরিবার পেছনের দরজা দিয়ে চার্চিল ব্রাদার্সকে আইএসএলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেয়। সেটা না করায়, এইধরনের সস্তা ট্যাকটিক্স নেওয়া হচ্ছে। ফেডারেশন সচিবের দাবি, এএফসির অনুমতি নিয়ে ১৪ দলের আইএসএল করার কথা হয়। জানায়, নিজেদের নিয়ম ভঙ্গ করে চার্চিল ব্রাদার্সকে অন্তর্ভুক্ত করা সম্ভব ছিল না। একাধিক সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল ফেডারেশন। কোনওরকমে ফরম্যাট বদলে আইএসএল হচ্ছে। এবার কল্যাণ-ভালাঙ্কা তরজায় ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে।