আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপের পরেই শুরু হয়ে যাবে আইপিএল। কিন্তু চূড়ান্ত দিন এখনও ঘোষণা হয়নি। তবে জানা গেছে, আইপিএলের সূচি তৈরিই আছে। কিন্তু এখনই তা প্রকাশিত হবে না। এবার দুই দফায় হতে পারে সূচি ঘোষণা।


এক ক্রীড়া সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, সোমবার ভার্চুয়ালি বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং বডি। সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। কিন্তু এখনই সূচি প্রকাশিত হচ্ছে না। আগামী ৬ বা ৭ মার্চ প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে।
চলতি বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই তিনটি রাজ্যেই আইপিএলের ম্যাচ হয়।

কলকাতা কেকেআরের ঘরের মাঠ। চিপক আবার চেন্নাইয়ের ঘরের মাঠ। পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ রয়েছে। সেই কারণেই সময় নিচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে তারা। একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে। আইপিএলের ১০ দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে।


আগেই অবশ্য জানা গিয়েছিল, ২৬ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। কিন্তু শুরুর দিন একটু পিছিয়েছে। জানা গিয়েছে, ২৮ বা ২৯ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে সেই প্রতিযোগিতা। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি কারা, তা এখনও জানা যায়নি।


গতবার আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে ফিরে উল্লাসে মেতেছিলেন কোহলিরা। সেই উল্লাসেই চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ায় দীর্ঘদিন চিন্নাস্বামীতে ক্রিকেট বন্ধ রয়েছে। বেশ কিছু সংস্কার করা হয়েছে মাঠে। তার পরেই জানানো হয়েছে, সেখানেই উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গালুরু। তবে সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি সেই মাঠে খেলবে তারা। বাকি দু’টি ম্যাচ হবে রায়পুরে।