আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই নায়ক। ভারতের উদীয়মান স্পিনার মানব সুথারকে স্বল্পমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ার। বুধবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।
২৩ বছর বয়সি বাঁ হাতি স্পিনার সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কাড়েন। নিজের প্রথম টেস্টেই উইকেট তুলে নিয়ে তিনি নির্বাচকদের আস্থার প্রতি মর্যাদা দেন।
সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন তিনি।
ওয়ারউইকশায়ারের হয়ে আগামী দু'রাউন্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলবেন মানব সুথার। ইয়র্কশায়ার ও সমারসেটের বিরুদ্ধে দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে তাঁর।
গত কয়েক বছরে দ্রুত উত্থান ঘটেছে এই তরুণ স্পিনারের। ভারতের জার্সিতে অভিষেকের আগেই ২৯টি প্রথম-শ্রেণির ম্যাচে ১২৯টি উইকেট শিকার করেছিলেন তিনি।
ওয়ারউইকশায়ার কর্তৃপক্ষের বিশ্বাস, মানব সুথারের আগমনে দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের লড়াইয়ে তারা আরও শক্তিশালী হবে।
চুক্তি সই করার পর সুথার জানান, মরশুমের শুরুটা দারুণভাবে করা একটি দলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যে দলের সাফল্যে অবদান রাখার আশাও প্রকাশ করেছেন ভারতীয় এই স্পিনার।















