আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ। আবার ফোকাস ভারতীয় ক্রিকেটে। শনিবার থেকে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে শুভমন গিলরা। সেই টেস্টে অনিশ্চিত মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠছে। আইপিএলের ফাইনালে খেলেছে গুজরাট টাইট্যান্স। দলের প্রধান বোলার ছিলেন মহম্মদ সিরাজ। তাই তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পরের ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিরাজকে বিশ্রাম দেওয়া হলে, কপাল খুলে যেতে পারে আকিব নবির। জম্মু কাশ্মীরের রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার দেশের জার্সিতে অভিষেক হতে পারে তরুণ পেসারের। 

ইশান্ত শর্মার কোচ শ্রাবণ কুমার মনে করেন, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ব্যাকআপের ভূমিকায় নয়, প্রথম একাদশে থাকা উচিত নবির। শেষ রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট নেন নবি। জম্মু কাশ্মীরের রঞ্জি জয়ের পেছনে বড় ভূমিকা নেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। তাই জম্মুর বোলারকে জাতীয় দলে দেখতে চান ইশান্তের কোচ। শ্রাবণ কুমার বলেন, 'জম্মু কাশ্মীরকে রঞ্জি চ্যাম্পিয়ন করার পাশাপাশি ৬০ উইকেট নিয়েছে। কেন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ওর কথা ভাবা হবে না? ব্যাকআপ বোলারের অর্থ কী? ব্যাকআপ বোলারের নামে ওকে নেট বোলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইভাবে ওকে ট্রিট করা উচিত নয়। এটা মানা যাচ্ছে না।' 

ইশান্ত সহ একাধিক দিল্লির ক্রিকেটারের ছোটবেলার কোচ শ্রাবণ কুমার। তিনি মনে করছেন, টেস্ট দল বাছার ক্ষেত্রে রঞ্জি পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সওয়াল তোলেন তিনি। কুমার বলেন, 'কেন এমন পারফরম্যান্সের মূল্য দেওয়া হচ্ছে না? আমি ভেবেছিলাম ও টেস্ট ম্যাচ খেলবে। ব্যাকআপ প্লেয়ার হিসেবে নেওয়ার কী মানে? একজন প্লেয়ার যে রঞ্জিতে ৬০ উইকেট নিয়েছে, সে দলে নেই। কিন্তু বাকি যারা অনেক কম উইকেট নিয়েছে, তাঁরা দলে আছে। এটার কোনও যুক্তি নেই। তাহলে রঞ্জি খেলার কী অর্থ? বিসিসিআই এই টুর্নামেন্ট বন্ধ করে দিক। ৬০ উইকেট নেওয়ার পাশাপাশি জম্মু কাশ্মীরের রঞ্জি জেতার পেছনে বড় অবদান রয়েছে নবির। ওকে নেট বোলার হিসেবে ব্যবহার করা হবে! ও কোনওকিছু ভিক্ষা চাইছে না। ও পারফরম্যান্স দিয়েছে। ৬০ উইকেট নেওয়া সহজ নয়।' শনিবার নবির ভাগে শিকে ছিঁড়বে কিনা সেটাই দেখার।