আজকাল ওয়েবডেস্ক: চণ্ডীগড় টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনের খেলা শেষে শক্ত ভিত গড়ে ফেলেছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত করেছে ৩ উইকেটে ৩৬৮ রান। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও শুভমন গিল।
ইনিংসের শুরুতে দ্রুতই আঘাত হানে আফগানিস্তান। ৩২ বলে ২৪ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ওপেন করতে নেমে দলকে স্থিরতা এনে দেন রাহুল। তিনি ১০০ রান করে আউট হলেও ইনিংসের বড় ভিত তৈরি করে দেন।
দ্বিতীয় উইকেটে রাহুলের সঙ্গে ১৩৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাই সুদর্শন। ১০৪ বলে ৮১ রান করে সুদর্শন আউট হন মহম্মদ সেলিমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে।
রাহুল গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৬৫ বলে ১০০ রান করেন তিনি। তবে অধিনায়ক গিল এরপর থেকে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দুর্দান্তভাবে। তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। তারকা উইকেট কিপার দিনের শেষে ৫০ রানে অপরাজিত রয়েছেন।
গিল–পন্থ জুটি অবিচ্ছিন্ন থেকে ১২১ রানের জুটি গড়ে ভারতের স্কোরকে আরও শক্তিশালী করেন। অধিনায়ক হিসেবে গিলের এটা ষষ্ঠ সেঞ্চুরি। ভারতীয় অধিনায়কদের মধ্যে তাঁর থেকে বেশি সেঞ্চুরি আছে কেবল বিরাট কোহলির।
গিল ১৪৩ বলে ১০৩ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গী পন্থও স্বভাবসুলভ গতিতে রান তোলেন।















