আজকাল ওয়েবডেস্ক: ভাল নেই প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। রীতিমতো অসুস্থ তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রাক্তন ক্রিকেটারের। যার জেরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ।

এই পরিস্থিতিতে, ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর। 

এই উদ্যোগটি কাম্বলির  দীর্ঘদিনের বন্ধু মার্কাস কুটোর। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুটো বলেন, ''আমি বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। আমি তাঁদের নাম নিচ্ছি না। তবে এটুকু বলতে পারি তাঁরা আর্থিকভাবে অনেক সাহায্য করছেন।'' 

কুটো আরও বলেন, ''কাম্বলির স্মৃতিশক্তি ভাল নয়, তবে গত ছয় মাসে তা আর খারাপ হয়নি। অনেক কিছু মনে রাখতে পারে না।'' 

২০২৪ সালের ডিসেম্বরে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। জানা গিয়েছিল, প্রস্রাবের সংক্রমণে ভুগছিলেন। তখনই একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর পাশে দাঁড়ান। আর্থিক সহায়তাও করেন। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। কাম্বলির ব্রেন স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। 

এর আগে ২০১৩ সালে দু’বার অস্ত্রোপচার হয়েছিল কাম্বলির। তখন চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন শচীন তেন্ডুলকার। প্রসঙ্গত, দেশের হয়ে ১০৪টি ওয়ানডে ও ১৭টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে টানা দুটি দ্বিশতরান করেছিলেন। সেই কাম্বলিই এখন অসুস্থ।