আজকাল ওয়েবডেস্ক: নতুন কোচের জমানায় নতুন ইস্টবেঙ্গল। আন্তোনিও লোপেজ হাবাস জমানায় লাল-হলুদের রক্ষণ সামলাতে আসছেন অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার নাচো মনসালভে। 

তিনি আসার অর্থ কেভিন সিবিয়ে প্রাক্তন হয়ে গেলেন লাল-হলুদে। গতবার আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিয়ে ইস্টবেঙ্গল রক্ষণ সামলেছিলেন বেশ ভাল। কিন্তু কেভিনকে দলে রাখতে পারেনি লাল-হলুদ। 

ডিফেন্সে শক্তি বাড়াতে স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে এলেন ইস্টবেঙ্গলে। 

২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে আলোচনায় এসেছিলেন নাচো। সেই সময় চোটের কারণে দলের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার দিয়েগো গোদিন, হোসে হিমেনেজ এবং স্তেফান সাভিচ বাইরে থাকায় দিয়েগো সিমিওনে বাধ্য হয়ে অ্যাকাডেমির ফুটবলারদের উপর ভরসা করেছিলেন। 
মাত্র ২১ বছর বয়সে অ্যাটলেটিকোর এই ডিফেন্ডারকে ভিসেন্তে কালদেরনে বেতিসের বিরুদ্ধে লা লিগার ম্যাচে নামিয়ে দেন সিমিওনে। 

সুযোগের সদ্ব্যবহার করেছিলেন মনসালভে। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি এবং অ্যাটলেটিকো সেই ম্যাচে বেতিসকে হারিয়েছিল ৫-১ গোলে।

সিমিওনের কাছ থেকেও প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন এই তরুণ ডিফেন্ডার। ওই একটি ম্যাচই অ্যাটলেটিকোর সিনিয়র দলের হয়ে নাচোর প্রথম ম্যাচ ছিল। অ্যাটলেটিকোর শক্তিশালী ডিফেন্স লাইনের কারণে আর সুযোগ পাননি তিনি। পরের মরশুমেই তিনি যোগ দেন দেপোর্তিভো দে লা কোরুনিয়ায়।

তিনি খেলেছেন বিভিন্ন দেশের ক্লাবে। এবার ইস্টবেঙ্গলের রক্ষণ আগলাতে আসছেন নাচো। অ্যাটলেটিকো মাদ্রিদের  মতো ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডারের অভিজ্ঞতা লাল-হলুদের রক্ষণে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।