আজকাল ওয়েবডেস্ক: ঘানার বিশ্বকাপের প্রাথমিক দলে থমাস পার্টে। তাঁকে নিয়ে চলছে চর্চা। চলছে বিতর্ক। 

যৌন নিপীড়ন ও ধর্ষণের একাধিক অভিযোগে যুক্তরাজ্যে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকলেও ঘানার বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেলেন মিডফিল্ডার  থমাস পার্টে। 

ঘানার ২৮ সদস্যের স্কোয়াডে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ঘানা ফুটবল ফেডারেশন।

৩২ বছর বয়সী পার্টে সম্প্রতি আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন ভিয়া রিয়ালে। আর্সেনাল তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিকেই বেছে নেন থমাস পার্টে।

২০২৫ সালের জুলাইয়ে পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। সেপ্টেম্বরে তিনি আদালতে সব অভিযোগ অস্বীকার করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ ওঠে, যা এপ্রিল মাসে আবারও অস্বীকার করেন এই ফুটবলার।

সব মিলিয়ে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের আদালতে তাঁর বিচার হওয়ার কথা রয়েছে। যদিও শুরুতে চলতি বছরের নভেম্বর থেকেই বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটি পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিকে গড়াতে পারে বলে জানা গিয়েছে। জামিনের শর্ত অনুযায়ী বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে পার্টেকে।

এদিকে আগামী ১ জুনের মধ্যে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ঘানার জাতীয় ফুটবল দলকে। গ্রুপ ‘এল’-এ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে আফ্রিকার দেশটি। 

বিশ্বকাপে ঘানার প্রাথমিক স্কোয়াড--

গোলরক্ষক: বেনজামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং, সলোমন আগবাসি, পল রিভারসন 

ডিফেন্ডার: বাবা রহমান , গিডিওন মেনসাহ , মারভিন সেনায়া, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতে, কোজো অপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু

মিডফিল্ডার: থমাস পার্টে, কওয়াসি সিবো, অগাস্টিন বোয়াকে, ক্যালেব ইয়েরেঙ্কি, আবদুল ফাতাউ ইসাহাকু

ফরোয়ার্ড: কামালদীন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স কওয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ।