আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে অনন্য নজির রোহিত শর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণের। জুটিতে লুটি। বোলার-ফিল্ডার কম্বিনেশনে পরপর তুলে নেয় প্রথম তিন উইকেট। যা আগে কখনও হয়নি। তাও আবার একইভাবে। প্রসিদ্ধের বলে খোঁচা মেরে রোহিতের হাতে ধরা পড়েন আফগানদের প্রথম তিন ব্যাটার। শনিবার চেন্নাইয়ের চিপকে আফগানিস্তানের বিরুদ্ধে স্বপ্নের শুরু ভারতের। হাসমাতুল্লাহ শাহিদী টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। মাত্র ৫ রানে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান ডানহাতি পেসার। ফার্স্ট স্লিপে অনবদ্য ক্যাচ নেন রোহিত শর্মা। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে রোহিতের হাতে ধরা পড়েন। লাইন এবং লেন্থ বজায় রেখে আফগান ব্যাটারদের সমস্যায় ফেলেন প্রসিদ্ধ। ষষ্ঠ ওভারে আবার উইকেট তুলে নেন। এবার ৫ রানে ফেরান রহমত শাহকে। আবারও ক্যাচ নেন রোহিত।

ব্যাক অফ লেন্থ বল লেগে খেলার চেষ্টা করেন রহমত। কিন্তু রোহিতের হাতে ধরা পড়েন। অষ্টম ওভারে প্রসিদ্ধি-রোহিত কম্বিনেশন তৃতীয় উইকেট এনে দেয়। এই জুটির তৃতীয় স্বীকার হন ইব্রাহিম জাদরান। ড্রাইভ করতে গিয়ে ফার্স্ট স্লিপে রোহিতের হাতে ক্যাচ তুলে দেন। তিনটে উইকেটই একইভাবে হারায় আফগানিস্তান। ব্যাটের কানায় বল লাগান প্রসিদ্ধ, স্লিপে বাকি কাজটা সারেন রোহিত। ভারতের একদিনের ক্রিকেটের ইতিহাসে এক অদ্ভুত এবং বিরল রেকর্ড। 

ভারতের ১০৭৮ একদিনের ক্রিকেটের ইতিহাসে একই বোলার এবং ফিল্ডার একইভাবে ইনিংসের প্রথম তিন উইকেট তুলে নেয়। এর আগে একদিনের ম্যাচে একই বোলারের বলে নির্দিষ্ট ফিল্ডারের তিনবার ক্যাচ নেওয়ার উদাহরণ রয়েছে, কিন্তু পরপর তিন উইকেটে এমন হয়নি। ২০০৪ সালে পারথে ইরফান পাঠানের বলে তিনটে ক্যাচ নেন ভিভিএস লক্ষ্মণ। ২০১৮ সালে দুবাইতে যশপ্রীত বুমরার বলে বাংলাদেশের বিরুদ্ধে তিনটে ক্যাচ নেন শিখর ধাওয়ান। কিন্তু এর আগের দু'বার পরপর উইকেট হয়নি। এবার প্রসিদ্ধ-রোহিত যুগলবন্দিতে বিরল রেকর্ড টিম ইন্ডিয়ার।