আজকাল ওয়েবডেস্ক: শেষমেশ বিচ্ছেদই হয়ে গেল ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থা ইমামির। 

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ইমামি আর থাকবে না। ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের সম্পর্কচ্ছেদ হবে। 

আজ সোমবার জানা গেল ইস্টবেঙ্গল আর ইমামির পথ ভিন্ন হয়ে গিয়েছে। এদিনই ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম ঘোষণা করে দিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। 

অন্যান্য সময়ে কোনও খবর ইমামির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই মিডিয়ার কাছে পাঠানো হত। এদিন ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হাবাসের খবর পাঠানো হল। তার পরই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ইমামি আর ইস্টবেঙ্গলের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের রোডম্যাপ, অনিশ্চয়তা নিয়ে ইমামি অসন্তোষ প্রকাশ করছিল। তার উপর ফুটবল ক্লাব চালানো আর্থিক দিক থেকে খুবই চ্যালেঞ্জিং। সেই সবের কথা মাথায় রেখেই ইমামি সরে গিয়েছে। 

ইস্টবেঙ্গল এবার নিজেই দলগঠন করছে। লাল-হলুদে হাবাসের সহকারী হলেন ইন্টার কাশীর সহকারী কার্লোস অগাস্টিন ফন্সেকা। লাল-হলুদের গোলকিপার প্রভসুখান গিলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়াল ক্লাব। অন্যদিকে ২০২৩-২৪ মরশুমের আইএসএলে গোল্ডেন গ্লাভস জয়ী লাচেনপার সঙ্গে ২ বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল।