আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনকে ঘিরে আবারও শুরু হয়েছে চর্চা। 

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পরে গত দেড় বছরে বিসিবির সভাপতির পদে তিনবার পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বাংলাদেশের অস্থিরতারই ইঙ্গিত দেয়। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কই বেশি করে আলোচনায় উঠে আসছে। 

এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার আফতাব আহমেদ তীব্র প্রতিক্রিয়া জানালেন। খেলোয়াড় জীবনে সাহসী স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন আফতাব আহমেদ। 

ফেসবুকে পোস্ট করা এক ভিডিওবার্তায় তিনি বিসিবির বর্তমান পরিস্থিতিকে 'সার্কাস'-এর সঙ্গে তুলনা করেন। 

আফতাবের মতে, ক্রিকেট বোর্ডে এমন কাণ্ডকারখানা  চলছে, যা দেখলে মনে হয় এটি দেশের সবচেয়ে বড় সার্কাসে পরিণত হয়েছে। এমনকি তিনি ব্যঙ্গ করে বলেন, এই 'সার্কাস' দেখার জন্য টিকিট কিনলেও তা বৃথা যাবে না।

দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ডসভা করেন তামিম ইকবাল ও তাঁর নেতৃত্বাধীন কমিটি। মীরপুরে বিসিবি ভবনে অনুষ্ঠিত সভা শেষে  তামিম জানান, তাঁদের প্রধান লক্ষ্য হবে বাংলাদেশের ক্রিকেটের হারানো সুনাম পুনরুদ্ধার করা।

তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সবাইকে মিলেই ফের গড়ে তুলতে হবে। বাংলাদেশের গর্বের জায়গা ক্রিকেট। সেই গর্ব ফিরিয়ে আনার উপরই গুরুত্ব দিচ্ছে নতুন কমিটি। 

নতুন এই অ্যাডহক কমিটি কতটা পরিবর্তন আনতে পারে, সেটাই এখন দেখার।