আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা ফুটবলারদের মহারণ। তবে ২০২৬ সালের বিশ্বকাপে দেখা যাবে এক বিরল দৃশ্য। চার জোড়া ভাই একই টুর্নামেন্টে খেলবেন, কিন্তু প্রত্যেকে প্রতিনিধিত্ব করবেন ভিন্ন ভিন্ন দেশকে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ফরাসি তারকা ডিজায়ার দুয়ে এবং তাঁর দাদা গুয়েলা দুয়ে। দু'জনেরই জন্ম ফ্রান্সে। তবে প্যারিস সাঁ জাঁর তরুণ তারকা ডিজায়ার খেলছেন ফ্রান্সের হয়ে, আর তাঁদের বাবার দেশ আইভরি কোস্টের জার্সি গায়ে মাঠে নামবেন গুয়েলা।
ফ্রান্সের আঁজে শহরে জন্ম নেওয়া দুই ভাইয়ের ফুটবলযাত্রা শুরু হয়েছিল স্টেড রেনে। কিন্তু ছোট ভাইয়ের অসাধারণ প্রতিভার আড়ালে অনেকটাই চাপা পড়ে গিয়েছিলেন গুয়েলা।
আরেক আলোচিত জুটি নিকো উইলিয়ামস এবং ইনাকি উইলিয়ামস। বাস্ক অঞ্চলে জন্ম হলেও দুই ভাই খেলবেন দুই দেশের জার্সিতে। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন নিকো এখন দেশের অন্যতম বড় ভরসা।
অন্যদিকে বড় ভাই ইনাকি একসময় স্পেনের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। পরে ফিফার নিয়ম অনুযায়ী তিনি ঘানার হয়ে খেলার সিদ্ধান্ত নেন, কারণ তাঁর বাবা-মায়ের শিকড় ঘানায়।
ঘানা দলে রয়েছেন ডাচ বংশোদ্ভূত ডিফেন্ডার ডেরিক লুকাসেন। চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পান তিনি। তাঁর সৎ ভাই ব্রায়ান ব্রবি খেলবেন নেদারল্যান্ডসের হয়ে। দু'জনের মা একই হলেও তাঁদের বাবা আলাদা। ব্রবি বর্তমানে নেদারল্যান্ডসের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্বকাপে আরও এক ভাই-ভাই লড়াই দেখা যাবে হ্যারি সাউটটার এবং জন সাউটটারের মধ্যে। স্কটল্যান্ডের আবেরদিনে জন্ম দুই ভাইয়ের। তবে তাঁদের মা অস্ট্রেলিয়ার হওয়ায় হ্যারি সাত বছর আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ফলে এবার এক ভাই স্কটল্যান্ডের, অন্য ভাই অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে নামবেন।
বিশ্বকাপের ইতিহাসে অবশ্য ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের খেলার ঘটনা আগেও দেখা গিয়েছে। জেরম বোয়াতেং ও কেভিন প্রিন্স বোয়াতেং-এর গল্প সবারই জানা।
২০১০ সালে জার্মানি ও ঘানার ম্যাচে তাঁরা প্রথমবার একে অপরের বিরুদ্ধে খেলেন। চার বছর পর ২০১৪ বিশ্বকাপেও ফের মুখোমুখি হয়েছিলেন দুই ভাই।
২০২৬ বিশ্বকাপে তাই শুধু দেশ বনাম দেশের লড়াই নয়, দেখা যাবে রক্তের সম্পর্কেরও এক অনন্য গল্প।















