আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ভাল করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেকারণেই তারা লিখিত চিঠি পাঠিয়েছে বিসিসিআইকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের অনুমতি ছাড়া এক পাও এগোবে না বলে জানিয়ে দিয়েছে।
এটা ঘটনা, ২০২৫ সালে আইপিএল নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তখন বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল চলছিল। সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছিল। যা নিয়ে ভারত সরকার ফুঁসে ওঠে। এরপরই আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশ টি–২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায়নি। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। এরপর বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়।
এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছে। যদিও এখন বাংলাদেশে সরকার বদলেছে। সেই সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আর তাই বিসিসিআইকে চিঠি দিয়েছে তারা।
সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফর অনিশ্চিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নত করতে চায়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে কথা না বলে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত তারা নেবে না।
এদিকে, বোলিং নিয়ে সত্যিই চিন্তায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা চোটের জন্য আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। মাথিসা পাথিরানা কবে মাঠে ফিরবেন এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু তিনিও ততটা দাগ কাটতে পারেননি। নারাইন কিংবা বরুণ এখনও ছন্দে ফেরেননি।
এই অবস্থায় ভরসার জায়গা ছিল ক্যামেরুন গ্রিন। কিন্তু তিনিও বল করছেন না। প্রথম দুই ম্যাচেই দলে ছিলেন গ্রিন। কিন্তু বল করেননি। ব্যাট হাতেও ভরসা দিতে পারেননি। তবে বৃহস্পতিবার গ্রিনকে নিয়ে আশার কথা শুনিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে।
















