আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার শট টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত অজি তারকার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নতুন দায়িত্ব পেয়ে শন টেইট বলেন, ''এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার আদর্শ সময়। নতুন যুগের সূচনাও বলা যেতে পারে।'' এর আগে টেইট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটেও কোচিং করান তিনি। কলকাতা নাইট রাইডার্সেরও প্রাক্তনী এই অজি পেসার। ফাস্ট বোলার জন হেস্টিংস চোট পাওয়ায় শন টেইটকে দলে নিয়েছিল কেকেআর।
সেই টেইট এবার অ্যালান ডোনাল্ডের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন।
