আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার অজুহাতে ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। তার জেরে বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশের। আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করে। এবার পাকিস্তান সুপার লিগে খেলা নিয়েও বাংলাদেশের ক্রিকেটারদের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান সম্প্রতি হামলা চালিয়েছে আফগানিস্তানে। এরপরই দুই দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে আবার এক জঙ্গি সংগঠন জানায়, পাকিস্তান সুপার লিগ খেলতে যেন কোনও বিদেশি ক্রিকেটার না আসেন।
এই পরিস্থিতিতে পাক ক্রিকেট বোর্ড ঠিক করেছে পিএসএলের সব ম্যাচ হবে করাচি ও লাহোরে। শুধু তাই নয়, উদ্বোধনী ম্যাচ ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পিএসএলে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে।
২৬ মার্চ থেকে পিএসএল শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের যোগ দেওয়ার বিষয়ে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে। তার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পাকিস্তানের মাটিতে খেলতে গেলে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলা হয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী আমিনুল হক ক্রিকেটারদের খেলতে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ‘নিরাপত্তার আশঙ্কা না থাকায় ক্রিকেটাররা নিশ্চিন্তে পাকিস্তানে খেলতে যাবে। ক্রিকেটারদের সুরক্ষার দিকে বাংলাদেশ বোর্ডের নজর রয়েছে। প্রতি মুহূর্তে পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
প্রসঙ্গত, পিএসএলে বাংলাদেশের ছয় ক্রিকেটারের খেলতে যাওয়ার কথা। তারা হলেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।
